আড়ংয়ের কারিগরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারগাড়ায় ব্র্যাকের আয়েশা আবেদ ফাউন্ডেশনে কাজ করছেন নারী কর্মীরা। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ার কুমারগাড়ায় ব্র্যাকের আয়েশা আবেদ ফাউন্ডেশনে কাজ করছেন নারী কর্মীরা। ছবি: তৌহিদী হাসান

শহুরে ক্রেতা বিভিন্ন উপলক্ষে কেনাকাটার জন্য একবার হলেও আড়ংয়ে ঢুঁ দেন। পছন্দ হলে কিনে নিয়ে যান মনের মতো জিনিসটি। তাঁদের এসব মনের মতো জিনিস তৈরি করছেন দেশের বিভিন্ন গ্রামের ৩৫ হাজারের বেশি নারী।
ব্র্যাকের আয়েশা আবেদ ফাউন্ডেশনে কর্মরত আছেন এই ৩৫ হাজার নারী। সারা দেশে বর্তমানে মোট ১৩টি ফাউন্ডেশন কাজ করছে। তাদের তৈরি পণ্য আড়ং ছাড়া আর কোথাও বিক্রি হয় না।
সম্প্রতি কুষ্টিয়ার কুমারগাড়ায় আয়েশা আবেদ ফাউন্ডেশনে সরেজমিনে গিয়ে জানা গেল, ওই জেলায় প্রায় সাড়ে চার হাজার নারী এ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ফাউন্ডেশনের প্রোডাকশন হাউসে কাজ করছেন ৩০১ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ৮৪টি সাব সেন্টারে কাজ করছেন অন্যরা।
ব্র্যাকের কর্মসূচি প্রধান রফিকুল ইসলাম প্রথম আলোকে জানালেন, ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদের স্ত্রী আয়েশা আবেদ মারা যান ১৯৮১ সালে। তাঁর স্মৃতির উদ্দেশ্যেই পারিবারিক উদ্যোগে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মানিকগঞ্জে প্রথম এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে।

এই নারীদের তৈরি পণ্য আড়ং ছাড়া আর কোথাও বিক্রি হয় না। ছবি: তৌহিদী হাসান
এই নারীদের তৈরি পণ্য আড়ং ছাড়া আর কোথাও বিক্রি হয় না। ছবি: তৌহিদী হাসান


কুষ্টিয়ায় ফাউন্ডেশনের প্রোডাকশন হাউসে কাজের ফাঁকে ফাঁকে কথা হয় কর্মরত নারীদের সঙ্গে। ফরিদা এ ফাউন্ডেশনে কাজ করছেন প্রায় ২০ বছর। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। তিন মেয়ে পড়াশোনা করছে। মাসে আয় করেন ১০ থেকে ১২ হাজার টাকা।
স্বামীকে আড়ংয়ের পাঞ্জাবি কিনে দেন কি না, জানতে চাইলে ফরিদা শুধু একটু হাসলেন। তাঁর হয়ে পাশ থেকে আরেক নারী বললেন, ‘আফা যে কী কন, আড়ংয়ের পাঞ্জাবির তো অনেক দাম। স্বামী কেন, পরিবারের কারও জন্যই এখানের জিনিস আমরা কিনতে পারি না।’
প্রোডাকশন হাউসে কেউ কাপড়ে ব্লক করছেন, কেউ কাপড়ে সূক্ষ্ম ফুল বা নকশা তুলছেন, কেউ সেলাই করছেন, কেউ কাপড় কেটে পাঞ্জাবি বা অন্য পোশাক বানাচ্ছেন। প্রোডাকশন হাউসে হাতে গোনা কয়েকজন পুরুষ কাজ করছেন। বলতে গেলে পুরোটাই নারীর রাজ্য।
সন্ধ্যা নবম শ্রেণীর পর আর পড়তে পারেননি। এ ফাউন্ডেশনে কাজ করছেন আট বছর। তিনি জানালেন, এখানে কাজ করার আগে ফাউন্ডেশনের পক্ষ থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়।

দেশের বিভিন্ন গ্রামের ৩৫ হাজারের বেশি নারী আয়েশা আবেদ ফাউন্ডেশনে কর্মরত আছেন। ছবি: তৌহিদী হাসান
দেশের বিভিন্ন গ্রামের ৩৫ হাজারের বেশি নারী আয়েশা আবেদ ফাউন্ডেশনে কর্মরত আছেন। ছবি: তৌহিদী হাসান

১৭ বছর ধরে কাজ করছেন আখতারী। এর মধ্যে চার বছর ধরে তিনি ব্র্যাকের কর্মী হিসেবে ফাউন্ডেশনে কাজ করছেন। আখতারীর মতো এ রকম স্থায়ী কর্মী হয়েছেন আরও তিনজন।
ফাউন্ডেশনে কর্মরতদের সন্তান রাখার জন্য আছে ছোট একটি শিশু দিবাযত্ন কেন্দ্র। আছে খাবার জায়গা। কাজের ধরন অনুযায়ী, কর্মীদের চোখের ওপর বেশি চাপ পড়ে। তাই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা মূল্যে চোখ পরীক্ষা, চশমা দেওয়া হয়। এককালীন অবসর ভাতাও পান তাঁরা।
তবে এই নারীদের আয় নির্ভর করে কাজের ওপর। বেশি কাজ করলে বেশি টাকা। তাঁদের মাতৃত্বকালীন ছুটি নেই। শ্রমিক সংঘ (ইউনিয়ন) করার অধিকার নেই। অনেকের অভিযোগ, তাঁরা যে কাজ করেন সে অনুযায়ী পারিশ্রমিক পান না।
কর্মীদের এই অভিযোগ পুরোপুরি মানতে নারাজ ফাউন্ডেশনের কেন্দ্র ব্যবস্থাপক এস এম এনামুল কবীর। তাঁর মতে, এই নারীদের কখনো বসে থাকতে হয় না। পারিশ্রমিক যা দেওয়া হচ্ছে তা-ও সন্তোষজনক।