আড়াই কোটি টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখে মনে হবে অ্যালুমিনিয়ামের পাত। কোনোভাবেই বোঝার উপায় নেই, এই পাতই আসলে সোনা। শুল্ক কর্মকর্তা এবং স্ক্যানিং যন্ত্র ফাঁকি দিতে এভাবেই সোনা পাচারের কৌশল নিয়েছেন দুই যাত্রী। তবে শেষ রক্ষা হয়নি।
দুবাই থেকে ফ্লাই দুবাই বিমান সংস্থার একটি উড়োজাহাজে দুই যাত্রী দুটি লাগেজ নিয়ে আসেন গত মঙ্গলবার রাতে। স্ক্যানিংয়ের সময় দুটি লাগেজের ভেতরে পাতের প্রতিচ্ছবি দেখে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। এরপরই তাঁরা লাগেজ দুটি খুলে পাতগুলো বের করেন। আনা হয় স্বর্ণকারও।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে জানান, সোনা পাচারের কৌশল হিসেবে সোনার পাতলা পাতগুলোর ওপরে অ্যালুমিনিয়াম রঙের আবরণ বসানো হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল নিশ্চিত হওয়া গেছে, এগুলো সোনাই।
শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার পাতগুলোর ওজন পাঁচ কেজি ৮৫০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এ ঘটনায় আটক দুই যাত্রী হলেন নুরুল আজীম ও হেলাল উদ্দিন। তাঁদের দুজনের বাড়ি চট্টগ্রামে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে কাস্টমস।