আড়াই ঘণ্টা ট্রাকের ভেতরে চাপা থেকে উদ্ধার

মহিষ ও গরু বোঝাই ট্রাক নিয়ে খুলনায় যাচ্ছিলেন চালক শহিদুল ইসলাম ও তাঁর সহকারী সেলিম হোসেন। ঘড়ির কাঁটায় তখন সাড়ে চারটা। পথে রাজশাহীর চারঘাটে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। এতে ট্রাকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আর এতে গাড়ির সামনের অংশের সঙ্গে ভেতরে বসার আসন চেপে গিয়ে আটকা পড়েন সেলিম হোসেন। সন্ধ্যা সাতটার সময় চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে জীবিত উদ্ধার করেন।
তবে সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় ট্রাকের চালক শহিদুল ইসলাম (৪০) আহত হননি। তাঁর বাড়ি বরিশাল। তিনি জানান, রাজশাহী সিটি হাট থেকে ১৩টি মহিষ ও তিনটি গরু নিয়ে তাঁরা খুলনায় যাচ্ছিলেন। চারঘাটের কাঁকড়ামারি এলাকায় রাজশাহীগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই গাড়িতে মহিষ ও গরুর মালিক জিয়াউল হক ছিলেন। তিনি সামান্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী বাঘা শাহদৌলা কলেজের শিক্ষক শরীফুল ইসলাম জানান, তখন থেকে রাস্তার দুই পাশে সব যানবাহন আটকা পড়ে আছে। সন্ধ্যা সোয়া সাতটার সময় এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত তিনি যানজটের মধ্যে গাড়িতে বসে রয়েছেন বলে জানান।

চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক আহাম্মেদ জানান, অন্য একটি ট্রাকের সঙ্গে বেঁধে গাড়িটি পেছনের দিকে একটু টেনে সরানো হয়। তারপর তারা হাইড্রলিক স্পেডার দিয়ে চাপা লাগা অংশটি একটু ফাঁক করে ভেতর থেকে সেলিমকে টেনে বের করেন। সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের দিকে সেলিম হোসেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ট্রাকটি সরানোর মতো কোনো যন্ত্র চারঘাটে ছিল না। আবার গাছটি কাটলেও ট্রাকটি নিচে পড়ে যেত। তাতে চাপা পড়ে সেলিমসহ গাড়ির গরু-মহিষের মারা যাওয়ার আশঙ্কা ছিল। চাপা লেগে থাকলেও সেলিম কথা বলতে পারছিলেন। এ অবস্থায় তাঁকে স্যালাইন খাওয়ানো হয়েছে।