আড়াই ঘণ্টা বিদ্যুৎবিহীন মতিঝিল, কমলাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল, কমলাপুরসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গতকাল মঙ্গলবার সকালে টানা প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ জন্য অফিসপাড়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হয়। এ ছাড়াও নগরের বিভিন্ন স্থানে নিয়মিত বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।
গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে দক্ষিণ কমলাপুর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হওয়ায় পুরো লাইনটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এ সময় কমলাপুর, জসীম উদ্দীন রোড, এজিবি কলোনি, আইডিয়াল স্কুল ও আশপাশের এলাকা, বালুর মাঠ, গোপীবাগ, আরকে মিশন রোডসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ ছাড়াও সকালে বৃষ্টির কারণে বাংলাদেশ ব্যাংক, কমলাপুর, আরামবাগ, রাজউক, আদমজী কোর্ট প্রভৃতি এলাকায় বৈদ্যুতিক ফিডার বন্ধ হয়ে যায় বলে কমলাপুর সাব-স্টেশন থেকে বলা হয়। মানিকনগর গ্রিডও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এসব কারণে কোনো কোনো এলাকায় সকাল প্রায় সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানা যায়।
বিদ্যুৎ না থাকায় উল্লিখিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিকল্প আলোর ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত ছিল না। মতিঝিল আইডিয়াল কলেজের পাশে রেলওয়ে কলোনি এলাকায় একটি কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীদের প্রায় অন্ধকারেই পড়াশোনা করতে হয় বলে অভিভাবকেরা জানান। মুগদা এলাকার একজন অভিভাবক আকলিমা বেগম জানান, সকাল সাড়ে আটটায় বাসা থেকে বেরিয়ে রিকশায় ওঠার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। সাড়ে আটটার একটু আগে কোচিং সেন্টারে গিয়ে দেখেন অন্ধকার। সে অবস্থাতেই শিশু ছাত্রছাত্রীদের বেঞ্চে বসতে হয়। পরে মোমবাতির ব্যবস্থা করা হলেও তা কাজে আসেনি।
ওই কোচিং সেন্টারে আসা মুগদা, আরকে মিশন রোড, জসীম উদ্দীন রোডের কয়েকজন অভিভাবক ক্ষোভ জানিয়ে বলেন, রাজধানীর কোথাও বিদ্যুৎ সমস্যা নেই বলে প্রচার করা হয়। অথচ তাঁদের এলাকায় নিয়মিত বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটে।
আরকে মিশন রোডের ওয়ান টু নাইনটি নাইন কমপ্লেক্সের পাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানান, সামান্য ঝড়-বৃষ্টি হলে মাঝে মাঝেই বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ে। আবার অনেক সময় কী কারণে বিদ্যুৎ চলে যায়, তাঁরা বুঝতে পারেন না। অথচ বিদ্যুৎ বিল প্রতি মাসেই বাড়তে থাকে। একজন বাসিন্দার বক্তব্য হচ্ছে, ঘরে এসি বা ওভেন ব্যবহার না করলেও প্রতি মাসে তাঁর নামে দুই হাজারেরও বেশি টাকা বিল আসে। তারপরও অ্যাপার্টমেন্টের জেনারেটর চালানোর জন্য সমিতি থেকে তাঁর নামে একটি আলাদা বিল পাঠানো হয়। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বিদ্যুৎ বিভাগের লোকদের সঙ্গে কথা বলে কোনো সমাধান পাননি।
বিদ্যুৎ না থাকায় গতকাল সকালে মতিঝিল ও দিলকুশা এলাকার অফিসপাড়ায় দাপ্তরিক কাজে অসুবিধা হয়। অনেক ভবনে নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়।