উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রংপুরের কারমাইকেল কলেজের চারটি ছাত্রাবাস রাজনৈতিক কারণে আড়াই বছর ধরে বন্ধ রয়েছে। এদিকে সাত বছর আগে দুই দফায় গণগ্রন্থাগার ও মিলনায়তন ভবনের নির্মাণকাজ শুরু করা হলেও টাকার অভাবে তা থমকে আছে।
কলেজ সূত্রে জানা গেছে, কারমাইকেল কলেজে ১৭টি বিষয়ে স্নাতক, উচ্চমাধ্যমিকসহ মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ হাজার। ছেলেদের জন্য গোপাল লাল, এম এ জি ওসমানী, কারমাইকেল ও কাশিমবাজার ছাত্রাবাসে মোট ৪২৭টি আসন রয়েছে। ২০১১ সালের ৫ মার্চ ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রাবাসগুলো বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ছাত্রীদের শহীদজননী জাহানারা ইমাম, বেগম রাকেয়া, তাপসী রাবেয়া হল চালু থাকলেও আসন মাত্র ৪৪৩টি।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের চারপাশে গড়ে উঠেছে তিন শতাধিক মেস। এসব মেসের প্রতিটি কক্ষেই তিন-চারটি চৌকি বিছিয়ে শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। প্রত্যেকের আসনভাড়া বাবদ মাসিক খরচ হচ্ছে ৬০০-৭০০ টাকা।
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকতারুজ্জামান বলেন, মেসে একটি কক্ষে চারটি বিছানা। হাঁটাচলারও উপায় নেই।
হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ইলিয়াছ আহমেদ বলেন, ছাত্রাবাসগুলো থেকেও নেই। নতুন করে হল নির্মাণেরও কোনো উদ্যোগ নেই। দুই দফা দরপত্রের পর সাত বছরেও মিলনায়তনের নির্মাণকাজ শেষ হয়নি।
রংপুর শিক্ষা ও প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালে কলেজে এক হাজার আসনবিশিষ্ট একটি দ্বিতল মিলনায়তন ভবনের নির্মাণকাজ শুরু হয়। এতে মোট ব্যয় ধরা হয় ছয় কোটি ৮০ লাখ টাকা। প্রথম দফায় দুই কোটি চার লাখ টাকা ব্যয়ে একাংশের কাজ পায় মেসার্স খন্দকার বিজনেস ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৮ সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও ওই বছরের জানুয়ারিতেই নির্মাণকাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় ঠিকাদারকে আংশিক নির্মাণকাজের ব্যয়ের জন্য ৮০ লাখ টাকা দেওয়া হয়। পরে ২০১০ সালে দুই কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ নির্দিষ্ট অংশের নির্মাণকাজ শেষ করে। পরে নতুন করে আর অর্থ বরাদ্দ না পাওয়ায় এর নির্মাণকাজ থমকে যায়।
মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক হাসান আহমেদ বলেন, ‘বরাদ্দ অনুযায়ী আমরা নির্দিষ্ট অংশের কাজ শেষ করেছি। নতুন করে বরাদ্দ না পেলে নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে না।’
রংপুর শিক্ষা ও প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রওশন আলী প্রথম আলোকে বলেন, নির্মাণসামগ্রীর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় প্রথম কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা জানায়। এরপর নতুন করে দরপত্র আহ্বান করে একতলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়। নিচতলায় গণগ্রন্থাগার নির্মাণ করা হয়েছে, তবে তা চালু হয়নি। দোতলা মিলনায়তন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ শাহ মো. মোকসেদ আলী বলেন, ছাত্রাবাসগুলো অনেক পুরোনো। বর্তমানে সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই বন্ধ রাখা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে অসমাপ্ত মিলনায়তন ভবনের কাজ শেষ করা হবে।