আড়াই বছরেও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী-তালতলী-সোনাকাটা ৪৯ কিলোমিটার সড়ক নির্মাণের কাজটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত। কিন্তু ঠিকাদার আওয়ামী লীগের তিন নেতা আড়াই বছরেও কাজ শেষ করেননি। এতে তালতলী উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তালতলীর ছোট ভাইজোড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
বরগুনার আমতলী-তালতলী-সোনাকাটা ৪৯ কিলোমিটার সড়ক নির্মাণের কাজটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত। কিন্তু ঠিকাদার আওয়ামী লীগের তিন নেতা আড়াই বছরেও কাজ শেষ করেননি। এতে তালতলী উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তালতলীর ছোট ভাইজোড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া বরগুনার আমতলী-তালতলী-সোনাকাটা ৪৯ কিলোমিটার সড়কের কাজ আড়াই বছরেও শেষ হয়নি। ফলে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
গত বছরের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তালতলী সফরের আগে ভাঙাচোরা ইট-পাথর ট্রাক্টর দিয়ে চষে তড়িঘড়ি করে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। এরপর কাজ না করায় বর্ষায় খানাখন্দ হয়ে এক মাস ধরে ঢাকাসহ দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
এলজিইডি বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২০১১ সালের ২৭ ডিসেম্বর আমতলী থেকে তালতলী হয়ে পর্যটনকেন্দ্র সোনাকাটা পর্যন্ত ৪৯ কিলোমিটার রাস্তার মধ্যে ৩০ কিলোমিটার দুই পাশ বর্ধিতকরণ ও সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়। তিনটি গুচ্ছে ১০ কিলোমিটার করে ৩০ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ পান যথাক্রমে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সহিদুল হক মৃধা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মতিয়ার রহমান।
কাজ পাওয়ার পর সংশ্লিষ্ট ঠিকাদারেরা দুই পাশের বর্ধিতকরণের জন্য কয়েক কিলোমিটার সড়কের দুই পাশে বেড কেটে প্রায় সাড়ে তিন কোটি টাকা বিল তুলে নিয়ে যান। এতে সড়কটি আরও বেহাল হয়।খানাখন্দ ও বড় বড় খাদের সৃষ্টি হওয়ায় পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে চলতি বর্ষা মৌসুম ঢাকা-তালতলী ও অভ্যন্তরীণ রুটে বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। কচুপাত্রা সেতুর দক্ষিণ পাশ থেকে খাজুরা কালভার্ট পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার ও ছোট ভাইজোড়া থেকে তালুকদারপাড়া পর্যন্ত চার কিলোমিটার রাস্তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রাক্কলন অনুযায়ী সড়কটির দুই পাশ ছয় ফুট বর্ধিত করে পুনর্নির্মাণের কথা। দুই পাশ বর্ধিতকরণ কাজে ২২ ইঞ্চি বেড কেটে তিনটি স্তরে প্রথমে বালু, পরে বালু ও খোয়া এবং আবার খোয়া ফেলে ১৬ ইঞ্চি ভরাট করে দৃঢ়করণ (কমপ্যাক্ট) করে ভিত্তি (বেজ) নির্মাণের কথা। এরপর পুরো রাস্তায় ছয় ইঞ্চি খোয়া (ম্যাকাডাম) ও বালু দিয়ে চূড়ান্ত দৃঢ়করণ করার কথা। গত বছরের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর তালতলী সফর উপলক্ষে রাস্তাটি চলাচলের উপযোগী করার নামে ট্রাক্টর দিয়ে খুঁড়ে রোলার দিয়ে সমান করা হয়।
সরেজমিনে দেখা যায়, কচুপাত্রা বাজার থেকে বতীপাড়া পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তায় বড় বড় খানাখন্দ। এই অংশের ঠিকাদার মতিয়ার রহমান বলেন, ‘অল্প দিনের মধ্যে কাজ শুরু করব। বর্ষা মৌসুম শেষে পিচ ঢালাই দেব।’ নিওপাড়া থেকে বতীপাড়া পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার অবস্থাও একই রকম। এই অংশের ঠিকাদার আক্তারুজ্জামান খান বলেন, ‘অল্প দিনেই কাজ শুরু করব। এলজিইডির কর্মকর্তাদের কারণে এত দিন কাজ করা যায়নি। তাঁরা এস্টিমেট নেই—এমন সব কাজ জুড়ে দেওয়ায় সমস্যা হয়েছে।’ ছোট ভাইজোড়া থেকে তালুকদারপাড়া পর্যন্ত চার কিলোমিটার রাস্তার অবস্থা এতই বেহাল যে সেখানে তা কোনো রকম চলাচলের উপযোগী নেই। এই অংশের ঠিকাদার সহিদুল ইসলাম বলেন, ‘অল্প দিনের মধ্যে কাজ করে দেব।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদারেরা কাজের প্রাক্কলন মূল্য বাড়ানোর (রিভাইজ) জন্য তদবির করছেন। মূল্য বর্ধিত হলে তাঁরা কাজ শুরু করবেন।
জেলা রাখাইন-বৌদ্ধ সমাজকল্যাণ সমিতির সদস্যসচিব খে মংলা বলেন, তালতলী উপজেলা ও পর্যটনকেন্দ্র সোনাকাটার সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি দীর্ঘদিন ফেলে রাখায় এই এলাকা উন্নয়নের দিক দিয়ে অবহেলিত রয়েছে। এলাকার ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু স্থবির হয়ে আছে।
তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়ে এই সড়কটি নির্মাণে অর্থ বরাদ্দ দিয়েছেন। দীর্ঘদিন রাস্তাটি বেহাল পড়ে থাকায় তাঁরা আশাহত হয়েছেন।
এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার উল ইসলাম বলেন, ‘আমরা ঠিকাদারদের বারবার তাগিদ দিয়ে কাজ সম্পন্ন করতে চেষ্টা করেছি। এখন তাঁরা কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’