আড়াই বছরেও পূর্ণাঙ্গ রায় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছর আগে ফতোয়ার বিষয়ে রায় ঘোষিত হলেও প্রকাশিত হয়নি পূর্ণাঙ্গ রায়। ২০১১ সালের ১২ মে সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছর নয় মাসে ফতোয়ার নামে নারীর প্রতি সহিংসতা-নির্যাতনের ১২৮টি ঘটনা ঘটেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফতোয়ার নামে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ২১টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৮টি। ২০১১ সালে সালিস ও ফতোয়ার মাধ্যমে নারী নির্যাতনের সংখ্যা ছিল ৫৯।
প্রায় এক যুগ আগে ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল হয়। শুনানি শুরু হয় ২০১১ সালের ১ মার্চ। ওই বছরের ১২ মে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায় ঘোষণা করেন। আপিল আংশিক মঞ্জুর করে পর্যবেক্ষণে বলা হয়, ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যেতে পারে। তবে এর মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না।
ঘোষিত রায়ে আরও বলা হয়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা দুটি আপিল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আংশিক মঞ্জুর করা হলো। ধর্মীয় বিষয়ে শুধু যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন। এটা ব্যক্তির স্বেচ্ছায় গ্রহণের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা বলপ্রয়োগ করা যাবে না। রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যক্তির সাংবিধানিক অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো ধরনের ফতোয়া দেওয়া যাবে না।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের সম্মানিত পরিচালক আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ২০১১ সালের মে মাসে আদালত সংক্ষিপ্ত আদেশ দেন। এখনো পূর্ণাঙ্গ রায় পাওয়া যায়নি। সংক্ষিপ্ত আদেশে যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন বলা হয়। পুরো রায় পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হতো।
আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফতোয়ার নামে নারীর প্রতি সহিংসতার ২১টি ঘটনার মধ্যে মামলা হয়েছে পাঁচটি। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া ৪৮টি ঘটনার মধ্যে ১৬টিতে মামলা হয়েছে। হত্যার সংখ্যা এক ও আত্মহত্যা পাঁচ। ২০১১ সালের ৫৯টি ঘটনার মধ্যে ২০টিতে মামলা হয়। একজনকে হত্যা ও ১৩টি আত্মহত্যার ঘটনা ঘটে।
সেই ঘটনাটি: ২০০০ সালের ২ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকায় নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের আতিথা গ্রামের এক গৃহবধূকে ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে দিতে বাধ্য করার সংবাদ প্রকাশিত হয়। এটা আদালতের নজরে এলে বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এতে আসক ও নারীনেত্রী মালেকা বেগমসহ অন্যরা পক্ষভুক্ত হন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট ফতোয়াকে অবৈধ ও আইন-কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন।
দীর্ঘদিন পর ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি বিষয়টি শুনানির জন্য তালিকায় আসে। আদালত অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী ও বিশেষজ্ঞ আলেমদের মতামত শোনেন। এরপর রায়ে বলা হয়, যে ফতোয়ার ঘটনাটি অবৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছিলেন, তা ছিল সঠিক।