আড়াই মাস ধরে অ্যাম্বুলেন্স বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স আড়াই মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে গুরুতর অসুস্থ রোগীরা। জরুরি মুহূর্তে তাদের এখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহর কিংবা রাজধানীতে পাঠানো সম্ভব হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার প্রায় সোয়া তিন লাখ মানুষের চিকিৎসাসেবা দিতে ২০১০ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স দেয় স্বাস্থ্য বিভাগ। গত ১৮ জুন অ্যাম্বুলেন্সের ব্যাটারি ও দুটি চাকা নষ্ট হয়ে যায়। রাজধানী ঢাকায় যেকোনো হাসপাতালে কোনো রোগী পরিবহন করলে ২ হাজার ২০০ টাকা ভাড়া দিতে হয়।
সরেজমিনে গত ৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলার ফরদাবাদ গ্রামের গুরুতর অসুস্থ বাবুল মিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হওয়ায় গাড়ি ভাড়া করে তাঁকে ঢাকা পাঠিয়েছেন তাঁর স্বজনেরা। ওই রোগীর আত্মীয় সফিকুল ইসলাম বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় অন্য গাড়ি পেতে আমাদের সমস্যা হয়েছে। আমাদের দ্বিগুণ (চার হাজার টাকা) ভাড়া দিয়ে রোগীকে ঢাকায় পাঠাচ্ছি।’
অ্যাম্বুলেন্স চালক মনির হোসেন বলেন, ‘জুন মাসে গাড়ির ব্যাটারি ও চাকা নষ্ট হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যায়। এর আগেও কয়েকবার গাড়ি বিকল হয়েছিল, তবে তা ক্ষুদ্র হওয়ায় আমরা মেরামত করে চালিয়ে এসেছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে রোগী পরিবহন করলে অনেক সাশ্রয় হয়। অন্যদিকে, বাইরের গাড়ি দিয়ে রোগী পরিবহন করলে খরচ প্রায় দ্বিগুণ হয়। অ্যাম্বুলেন্সটি বিকল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। চাকা ও ব্যাটারি মেরামত করতে প্রায় ৫৫ হাজার টাকা লাগবে। বরাদ্দ পেলেই অ্যাম্বুলেন্সটি চালু করা হবে।’