আড়াই মাস ধরে পানিবন্দী ৭০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৯টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ আড়াই মাস ধরে পানিবন্দী রয়েছে। বন্যার পানিতে ডুবে ছয় শিশু ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন শিশু মারা গেছে। ইউনিয়ন দুটির সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, পদ্মার পানির বিপৎসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সেখানে আজ (রোববার) ১৪ দশমিক ১৩ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এটা এক সপ্তাহ ধরে স্থিতিশীল অবস্থায় রয়েছে। পানি তিন দিন পর কমতে শুরু করতে পারে। উজানে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এবারের বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আড়াই মাস আগে ওই দুই ইউনিয়নের সব কটি গ্রাম প্লাবিত হয়। গ্রামবাসীর বসতবাড়ির আঙিনায় পানি উঠে পড়ে। ডুবে যায় ফসলি জমি। এর পর থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছে গ্রাম দুটির বাসিন্দারা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বাড়িঘরে পানি উঠে পড়ায় বেশ কিছু পরিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। দুর্গত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে যে সাহায্য দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ইউনিয়ন দুটির সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনিয়নে গত আড়াই মাসে ছয় শিশু ডুবে ও তিন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, তিনি মাত্র ৪১ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছিলেন। ওই চাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এখনো অনেক পরিবার একবেলা খেয়ে জীবন ধারণ করছে। তাঁর ইউনিয়নের পাঁচ শিশু পানিতে ডুবে এবং তিনজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, এর আগে কখনো এত দীর্ঘস্থায়ী বন্যা হয়নি। দীর্ঘদিন থেকে বন্যা পরিস্থিতি একই অবস্থায় রয়েছে। তাঁর ইউনিয়নে একটি শিশু ডুবে মারা গেছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, সরকারিভাবে সব রকম সাহায্য-সহযোগিতা করা হচ্ছে এবং নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। পানি কমতে শুরু করলে সেখানে চিকিৎসক দল পাঠিয়ে সেবা দেওয়া হবে।