অপহরণের প্রায় আড়াই মাস পর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার কদমতলী থানার পাশ থেকে ছাত্রীকে উদ্ধার করে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই সাতজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মামলা করেছিলেন।
এজাহারে বলা হয়েছে, গত ৯ জুলাই বিকেলে ওই ছাত্রী বাড়ির বাইরে বের হলে মাওনার দক্ষিণ বারতোপা এলাকার নাজমুল ও তার আট-দশজন সহযোগী অস্ত্র দেখিয়ে ও মুখ বেঁধে মাইক্রোবাসে ওঠায়। এ সময় ছাত্রীর চিৎকারে তার মা এগিয়ে এলে অপহরণকারীরা মাইক্রোবাস নিয়ে চলে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কদমতলী থানার পুলিশের সহায়তায় শ্রীপুর থানার পুলিশ গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে। সেই সঙ্গে অপহরণকারী নাজমুল, তার দুই সহযোগী ইন্দ্রবপুর গ্রামের আলম ও ইমাম উদ্দিনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে আসে।