আড়াই মাস পর কবর থেকে তোলা হলো বিচারকের লাশ
মৃত্যুর আড়াই মাস পর বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের (৪৭) লাশ কবর থেকে তোলা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিমের উপস্থিতিতে রাজধানীর বনানী কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত শাখার চট্টগ্রামের পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে বেশ কিছু ঘাপলা আছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য লাশের পুনঃ ময়নাতদন্ত করার জন্য আবেদন করা হয়। আদালত গত ২৩ নভেম্বর আবেদন মঞ্জুর করেন।
সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে কবর থেকে ওই বিচারকের লাশ তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। বুধবার (আজ) ময়নাতদন্ত করা হবে।
গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হালিশহর থানার পুলিশ হত্যা মামলা করে। ৩০ সেপ্টেম্বর দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, বিচারক আত্মহত্যা করেছেন।