আড়াই মাসেই ধসে পড়েছে সীমানাপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নির্মাণত্রুটির কারণে বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকায় ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সরকাির শস্যগুদামের (গ্রেইন সাইলো) প্রাচীরের একটি বড় অংশ নির্মাণের দুই মাসের মাথায় ধসে পড়েছে৷ এ ছাড়া বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হওয়ায় এবং হেলে পড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে প্রাচীরের বাকি অংশ৷
খাদ্য অধিদপ্তরের খুলনা কার্যালয় থেকে জানা েগছে, মংলা বন্দর দিয়ে আমদানি করা খাদ্যশস্য গুদামজাত করার জন্য খাদ্য মন্ত্রণালয় ২০১১ সালের এপ্রিলে মংলার জয়মনিরঘোল এলাকায় প্রায় ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই শস্যগুদামের নির্মাণকাজ শুরু করে৷ এক কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের ৭০০ মিটার প্রাচীর নির্মাণের কাজ পায় খুলনার ঠিকাদাির প্রতিষ্ঠান ‘শাহনেওয়াজ এন্টারপ্রাইজ’৷ ওই প্রতিষ্ঠানটি ২০১১ সালের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শুরু করে৷ প্রাচীরের নির্মাণকাজ শেষ করে চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটি তা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়৷ এর দুই মাসের মাথায় গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাচীরের একটি বিরাট অংশ ধসে যায়৷
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রাচীরের প্রায় ১৫০ ফুট ধসে পড়েছে৷ প্রাচীরের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হওয়ায় এবং হেলে পড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে প্রাচীরের বাকি অংশ৷ এলাকাবাসী ও ওই প্রাচীরটি নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন—এমন কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রাচীরটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে৷ এ ছাড়া কারিগরি ত্রুটি থাকার কারণে প্রাচীর ধসে পড়েছে৷
জানতে চাইলে মেসার্স শাহনেওয়াজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. আরিফুর রহমান বলেন, প্রাচীর ধসে পড়েনি৷ প্রাচীর একটু বাঁকা হয়েছিল৷ সেটি ভেঙে ঠিক করা হচ্ছে৷ ওই গুদাম নির্মাণের জন্য নিয়োগ দেওয়া পরামর্শক সংস্থা ‘বেটস কলসাল্টিং সার্ভিসেস লিমিটেড’-এর প্রকৌশলী সুশান্ত কুমার দাস বলেন, প্রাচীর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা তিনি জানেন না৷
সাইলো নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বিমল ভূঁইয়া বলেন, প্রচীরের দুই পাশে সমানভাবে মাটি ভরাট না করায় প্রাচীর ভেঙে পড়েছে৷ মূলত কৌশলগত ত্রুটির কারণেই দেয়ালটি ধসে পড়েছে৷