সুড়ঙ্গ খুঁড়ে ও ভল্ট কেটে বগুড়ার আদমদীঘি উপজেলার সোনালী ব্যাংক থেকে চুরি করা টাকা আড়াই মাসেও পুলিশ উদ্ধার করতে পারেনি।
এ ছাড়া ঘটনার পর একাধিক তদন্ত কমিটি গঠন এবং র্যাব, পুলিশসহ প্রশাসনের ব্যাপক তৎপরতা সত্ত্বেও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের কেউ গ্রেপ্তার হয়নি৷
চুরির পর পর ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেছিলেন, ‘পুলিশের তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। চুরির সঙ্গে সংশ্লিষ্ট একটি দলকে শনাক্ত করা গেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটা সুখবর দেওয়া সম্ভব হবে।’ কিন্তু আড়াই মাসেও তাঁর কথার কোনো বাস্তবায়ন দেখা যায়নি।
গত বৃহস্পতিবার মোজাম্মেল হক বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অনেক সময় েকানো কোনো ঘটনার রহস্য উদ্ঘাটনে একটু বেিশ সময় লেগে যায়। তবে তিনি আশা করেন, দেরিতে হলেও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
গত ৮ মার্চ আদমদীঘি উপজেলার সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার দেয়ালে সুড়ঙ্গ খুঁড়ে ও ভল্ট কেটে চোরেরা ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা চুরি করে নিয়ে যায়। কিশোরগঞ্জের পর আদমদীঘিতে একই কায়দায় টাকা চুরি হওয়ায় বিষয়টি নিয়ে সারা দেশে তখন ব্যাপক হইচই শুরু হয়। এ ঘটনায় পরের দিন বগুড়ার সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সুপার মামলাটি থানার পুলিশের কাছ থেকে বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় প্রথমে সাময়িক বরখাস্ত করা হয় আদমদীঘি শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শামসুদ্দিন শরীফ ও ক্যাশিয়ার আজাহার আলীকে। পরে বগুড়ার সোনালী ব্যাংকের ডিজিএম আবদুস সামাদকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
অপরদিকে ঘটনা তদন্তে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংক আরও একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রধান সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের ফোনে যোগাযোগ করা হলে তাঁর দপ্তর থেকে জানানো হয়, তিনি জরুরি সভায় আছেন।
তবে বগুড়ার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই মামলায় আদমদীঘি থানার পুলিশ ১২ জন এবং গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার পরও কোনো তথ্য পাওয়া যায়নি। বলা যায়, এখন পর্যন্ত মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।