আড়াই মাসেও মা-ছেলের মৃত্যুরহস্য উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই মাস হয়ে গেলেও শেরপুরের শ্রীবরদীতে মা-ছেলের মৃত্যুরহস্য উদ্ঘাটন করা যায়নি। এমনকি এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বিপ্লব হোসেনকেও পুলিশ আটক করতে পারেনি। তবে ইতিমধ্যে মা-ছেলের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছেছে। এতে মা সূর্যমণি আক্তারের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি শ্রীবরদী থানা-পুলিশ উপজেলা সদরের কলাকান্দার বাসা থেকে সূর্যমণি আক্তারের (২১) ঝুলন্ত এবং তাঁর ছেলে সীমান্তর (২) গলাকাটা লাশ উদ্ধার করে। সূর্যমণি কলাকান্দা গ্রামের মোটরসাইকেল মিস্ত্রি বিপ্লব হোসেনের (২৫) স্ত্রী ও টেঙ্গরপাড়া গ্রামের মো. সুরুজ্জামানের মেয়ে। সূর্যমণি শ্রীবরদীর আয়েশা-আইনউদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এখনো মৃত্যুরহস্য উদ্ঘাটন না হওয়ায় সূর্যমণির বাবা-মা ও আত্মীয়স্বজন হতাশায় ভুগছেন। এদিকে সূর্যমণির বাবা বাদী হয়ে সূর্যমণি ও তাঁর ছেলে সীমান্তকে হত্যার অভিযোগে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।