চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রায় আড়াই শ নম্বরফর্দে (ট্রান্সক্রিপ্ট) অভিভাবকের নাম ভুল ছাপানোর অভিযোগ পাওয়া গেছে। এগুলো সবই চট্টগ্রামের মিরসরাই উপজেলার কয়েকটি বিদ্যালয়ের বলে জানা গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘এটা বড় ধরনের ভুল বলা যাবে না। নম্বরফর্দে পরীক্ষার্থীর নাম, প্রাপ্ত নম্বর সবই ঠিক আছে। ছাপার ভুলের কারণে শুধু একজনের নম্বরফর্দে অপরজনের বাবা-মার নাম ছাপা হয়েছে। এ জন্য ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ ধরনের নম্বরফর্দ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি।’
কয়েকজন অভিভাবক বলেন, বোর্ডের সামান্য ভুলের কারণে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে গিয়ে ভোগান্তিতে পড়ে অনেকে। কারণ ভর্তির সময়ে কলেজে নম্বরফর্দ জমা দিতে হয়।
মিরসরাই বিশ্ব দরবার উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী মো. ইমরান হোসেনের নম্বরফর্দে বাবা-মার নাম ভুল ছাপানোর অভিযোগ পাওয়া গেছে৷ ইমরানের বাবা কামাল উদ্দিন খান বলেন, ‘আমার ছেলের নম্বরফর্দে বাবার নাম
লেখা হয়েছে শফিকুল আলম। আবার ওর মা রাশেদা আক্তারের জায়গায় লেখা হয়েছে শামীমা বেগম।’
এ বিষয়ে মিরসরাই বিশ্ব দরবার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘গত সোমবার আমরা বোর্ড থেকে এসএসসির নম্বরফর্দ পেয়েছি৷ আমার বিদ্যালয়ের ৪৯ জনের নম্বরফর্দে মা-বাবার নাম ভুল ছাপা হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এসব নম্বরফর্দ বোর্ডে পাঠিয়ে দিলে সংশোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন।’