বিলের ভাটিতে বাঁধ দেওয়ার কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার কমপক্ষে ২৫০ হেক্টর জমির আমনসহ অন্যান্য ফসলের খেত পানিতে তলিয়ে গেছে।
সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জের হাজিপুর ও পীরগঞ্জ ইউনিয়নের ছোটগড়গাঁও, বড় গড়গাঁও, পাটুয়াপাড়া, বিষ্ণপুর ও চণ্ডীপুর এবং রাণীশংকৈলের লেহেম্বা ও বাচোর ইউনিয়নের গোগর, ঝাড়বাড়ি, মাঝাটেলা ও পাটগাঁওয়ে আড়াই শ হেক্টর জমির ফসল দুই সপ্তাহ ধরে পানিতে তলিয়ে রয়েছে। এসব গ্রামের সাত শতাধিক কৃষক রণতার, টেপরী, হুনিয়ার, বাঘডোবা, বাবড়িছাটা এবং চেংডোবা বিলের জমিতে ধান, পাট ও আখের আবাদ করেছিলেন। তবে এর মধ্যে ধানই বেশি।
এলাকার অনেকে জানান, বিলের ভাটিতে গোগর মাঝাটেলা, কুতুবলিপাড়া, পীরগঞ্জের কৃষ্টপুর গ্রামের নান্দুরাপাড়া ও ভেদরাপাড়া সেতুর সামনে ৯-১০টি জায়গায় মাছ ধরার জন্য স্থানীয় কয়েক ব্যক্তি বাঁধ তৈরি করেছেন। এ কারণে পানি নিষ্কাশিত হতে পারছে না। এ কারণে ডুবে গেছে কৃষকদের ফসল। ১৫-১৬ দিন ধরে ফসল পানিতে ডুবে থেকে তা নষ্ট হতে চলেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত বুধবার পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্র দুটিতে ২৩৫ জন কৃষক স্বাক্ষর করেন।
বেশ কয়েকজন কৃষক জানান, বর্ষার পানি উজানে পীরগঞ্জের কাচনা বিল থেকে মাঝখানে কয়েকটি ছোট বিলে আসে। এরপর তা রণতার বিল দিয়ে পীরগঞ্জের পটুয়াপাড়া, বহরা, আলশিয়া, মালগাঁও ও একান্নপুর গ্রাম হয়ে সেনগাঁও ইউনিয়নের কালই নদীতে গিয়ে পড়ে। বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্বাধীনতার পর রণতার সেতু থেকে ভাটিতে কয়েকবার খাল খনন করা হয়। ওই খাল দিয়েই কয়েক বছর ধরে এ বিলের পানি নিষ্কাশিত হয়ে আসছিল। গত কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় সংলগ্ন এলাকার বাসিন্দারা খালে মাটি ফেলে তাতে ফসলের আবাদ করতে থাকেন। এতে খালটি সংকুচিত হয়ে পড়ে। এর মধ্যেই এবার ভাটিতে বাঁধ দিয়ে মাছ শিকার করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তলিয়ে যায় আড়াই শ হেক্টর জমির আমন ধান। আমন চাষিরা জানান, তিন-চার দিনের মধ্যে পানি সরে না গেলে ধানগুলোর কিছুই আর বাঁচানো যাবে না।
পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার কৃষকদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমি সরেজমিনে সবার সঙ্গে কথা বলে দেখব।’
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আশরাফুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।