আড়াই হাজার নকল বাতি জব্দ ছয়জনকে জরিমানা
প্যাকেটের ওপর লেখা ৬০ ওয়াট। কিন্তু আলো দেওয়ার ক্ষমতা মাত্র ৩০ ওয়াটের। চীনের তৈরি হলেও ট্রান্সটেক, ফিলিপস, এসিআইসহ দেশীয় নামীদামি ব্র্যান্ডের স্টিকার বিদ্যুৎসাশ্রয়ী এ বাতির ওপর বসানো হতো।
গতকাল মঙ্গলবার রাজধানীর কাপ্তান বাজারের কমপ্লেক্স ভবনে অভিযান চালিয়ে ছয়টি দোকান থেকে এ ধরনের ২ হাজার ৬০০ বাতি ও ৩১ হাজার নকল বাতির মোড়ক জব্দ করেন র্যা ব-৩-এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম ছয়টি দোকান-মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। তাঁরা হলেন মার্কেটের জিআরএস ইলেকট্রনিকের মালিক মঞ্জুরুল আলম, ভূঁইয়া ট্রেডার্সের আবদুল আওয়াল, কালারস ইলেকট্রনিকের শফিক আহমেদ ও এশিয়া পার্ল ইলেকট্রনিকসের শান্ত মিয়া। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইয়াসিন ইলেকট্রনিকসের মালিক মো. রফিক ও আরএস ইলেকট্রিকের মালিক ওমর ফারুককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, চীন থেকে নিম্নমানের এসব বাতি বাংলাদেশে আনা হয়। বিএসটিআইয়ের অনুমতি ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় এসব বাতির গায়ে নকল স্টিকার বসানোর কাজ হয়। একইভাবে টিভিএস ও ওসাকা নামে বিদেশি বাতি নকল মোড়কে ভরে বাজারে বিক্রি করা হয়। পাইকারি বাজারে প্রতিটি বাতি ৭০ টাকায় বিক্রি করা হয়।