রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের বিকল্প যোগাযোগের পথ হতে পারে আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক। এতে দূরত্ব যেমন কমবে, তেমনি যানজট থেকেও মুক্তি মিলবে। তবে পরিকল্পনা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে এখনই সুফল পাচ্ছে না মেঘনা এবং মেঘনা-গোমতী ও ভৈরব সেতু ব্যবহারকারীরা।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক হতে পারে আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক। এ জন্য প্রয়োজন পরিকল্পনা এবং প্রয়োজনীয় সংস্কার। যেমন, বাঞ্ছারামপুরের কড়িকান্দি ফেরিঘাট থেকে কুমিল্লার মুরাদনগর পর্যন্ত সড়ক বর্ধিতকরণ, ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্ট পুনর্নির্মাণ ও সংস্কার এবং বিশনন্দি-কড়িকান্দিতে মেঘনা নদীর ওপর চলাচলকারী ফেরিগুলোর আধুনিকায়ন করা।সওজ সূত্রে জানা গেছে, সড়কপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৬৪ কিলোমিটার (মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ব্যবহার করে)। ঢাকা-কুমিল্লার (ক্যান্টনমেন্ট পর্যন্ত) দূরত্ব ৯০ কিলোমিটার। কোনো কারণে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু বন্ধ থাকলে ঢাকা থেকে কুমিল্লা ও চট্টগ্রামে যেতে ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঘুরে যাতায়াত করতে হয়। সে ক্ষেত্রে যানবাহনগুলোকে প্রায় ৯০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা পাড়ি দিতে হয়। অথচ আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক ব্যবহার করে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে ২৪৬ কিলোমিটার সড়ক পাড়ি দিতে হবে।একইভাবে ঢাকা-সিলেটের দূরত্ব ২৪২ কিলোমিটার (সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু)। এই সেতুর কোনো সংস্কার হলে বা বন্ধ থাকলে ঢাকা-সিলেটের যানবাহনগুলোকে ৮০-৯০ কিলোমিটার ঘুরে যেতে হয় (ব্রাহ্মণবাড়িয়া-ময়নামতি সড়ক ব্যবহার করে)। সে ক্ষেত্রে আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়ক ব্যবহার করলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব দাঁড়ায় ২৫১ কিলোমিটার।মেঘনা ও মেঘনা সেতুর সংস্কারকাজের জন্য এ বছর ৮-১৬ জানুয়ারি, ১৬-২২ ফেব্রুয়ারি এবং ১৫-২১ মার্চ পর্যন্ত তিন দফায় সেতু বন্ধ থাকে। সে সময় বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়কের কড়িকান্দি ফেরিঘাটে দুটি ফেরিই ২৪ ঘণ্টা চলে এবং দুই পাড়েই গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ফেরির পরিচালক আবদুল করিম বলেন, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় ফেরিতে গাড়ির চাপ অন্য যেকোনো সময়ের তুলনায় সাত-আট গুণ বেশি ছিল।ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম জানান, বাঞ্ছারামপুর-মুরাদনগর এবং বাঞ্ছারামপুর-নবীনগর-রাধিকা সড়কের সংস্কার, বিভিন্ন বাঁক সোজাকরণ, ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণ করতে প্রয়োজনীয় বরাদ্দ পেতে হবে। তিনি বলেন, মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ করতে পারলে এটিই হতে পারে যোগাযোগের টার্নিং পয়েন্ট।বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, মেঘনা নদীতে ফেরি পার হয়ে বাঞ্ছারামপুরের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের বিকল্প সড়ক হিসেবে এরই মধ্যে পরিচিতি লাভ করেছে।