নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল শুক্রবার ছোট ভাইয়ের হাতে বড় ভাই জাহাঙ্গীর আলম (৩০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন গাজীপুর সদর উপজেলার হাড়িনাল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আড়াইহাজার উপজেলার ঝাউগড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার তিন ছেলে জাহাঙ্গীর আলম, বকুল ও আলাউদ্দিন। জাহাঙ্গীর আলম ও বকুল পেশায় রিকশাচালক। আলাউদ্দিন মিয়া সন্তানদের মধ্যে জমিজমা ভাগ করে না দেওয়ায় তাঁর প্রতি ছেলেদের ক্ষোভ ছিল। সম্প্রতি বড় ছেলে জাহাঙ্গীর আলম তাঁর বাবার কাছ থেকে তিন শতাংশ জমি কিনে নেন। এতে তাঁর অন্য দুই ভাই বাবার সম্পত্তি কম পাওয়ার আশঙ্কা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার ইফতারের পরপরই জাহাঙ্গীর আলম ও বকুলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে বকুল আকস্মিকভাবে বঁটি দিয়ে জাহাঙ্গীরের ঘাড়ের বাঁ পাশে কোপ দেন। এতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই প্রাণ হারান।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার হাড়িনাল হানকাটা সেতুর পাশে চিলাই নদীতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা জয়দেবপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর পরনে সাদা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল।