আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ গরুর হাট, বাস ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, বিশনন্দী মানিকপুর ফেরিঘাটসংলগ্ন ফলিত রসায়ন পুষ্টি ইনস্টিটিউটের অধিগ্রহণ করা জায়গায় সম্প্রতি সরকারি উদ্যোগে বালু ফেলে ভরাট করা হয়। এ স্থানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সরকার ও দলটির কর্মী আবদুল কাদিরের সমর্থক এবং বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকু ও বিশনন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালামের সমর্থকেরা প্রতি বুধবার অবৈধভাবে গরুর হাট বসান। এ হাটের আয় দুই পক্ষের লোকজন ভাগ-বাঁটোয়ারা করে নেন। এ ছাড়া ফেরিঘাটের বাস ও অটোরিকশা স্ট্যান্ডের চাঁদাবাজির টাকাও ওই দুই পক্ষ ভাগ করে নেয়।

শুক্রবার রাতে খোরশেদ ও কাদিরের সমর্থকদের সঙ্গে ওই গরুর হাট ও বাস-অটোরিকশা স্ট্যান্ডের চাঁদার ভাগ নিয়ে সাকু ও কালামের সমর্থকদের মধ্যে বিশনন্দী বাজারে সংঘর্ষ শুরু হয়। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা, বল্লম ও রাম দা নিয়ে নেমে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ওই সময় বিশনন্দী বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার থানা ও গোপালদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার থানার এসআই মনিরুজ্জামান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।