আড়াইহাজারে বাজার ও স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অগ্নিকাণ্ডে একটি স্পিনিং মিলের কাঁচামাল, যন্ত্রপাতি এবং একটি বাজারের অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুপ্তারা এলাকা ও পাঁচরুখী বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা এলাকায় রায়া স্পিনিং মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রায়া স্পিনিং মিলের মালিক ও দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি সামির আলী জানান, অগ্নিকাণ্ডে তাঁদের মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, মিলের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া গতকাল রাত নয়টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাজারের ১০টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
পাঁচরুখী বাজার কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম জানান, রাত নয়টার দিকে সবাই নামাজে ব্যস্ত থাকার সময় এ অগ্নিকাণ্ড হয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে মাধবদী ও কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই বাজারের কাপড়ের ব্যবসায়ী আবুল হোসেনের একটি, আনোয়ার হোসেনের দুটি, বাচ্চু মিয়া, আলামিন, আবু ছিদ্দিক, মুরাদের ও মজিবুর রহমানের একটি দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়। এসব দোকানের কোনো মালামাল বের করা যায়নি।
কাপড় ব্যবসায়ী আবুল হোসেন জানান, ঈদ সামনে রেখে দোকানগুলোতে বিপুল পরিমাণ কাপড় তোলা হয়েছিল। আগুন দাউ দাউ করে জ্বলতে থাকায় কেউ দোকানের সামনে যেতে পারেননি। যার কারণে কোনো মালামাল উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন জানান, অগ্নিকাণ্ডের সময় বাজারে লোকজন কম থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খোরশেদ আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।