আড়ানী পৌরসভায় আ.লীগ মনোনীত প্রার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বাবলু হোসেন (৫০) গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পরিবারের সদস্যরা চিকিৎসককে বলেছেন, আগের রাতে বাবলু অতিরিক্ত মদ পান করেছিলেন।
হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, কোনো ধরনের বিষক্রিয়ার কারণে বাবলু হোসেনের মৃত্যু হয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন। তবে তাঁর স্ত্রী ও ছেলে তাঁকে (চিকিৎসক) বলেছেন, তিনি আগের রাতে অতিরিক্ত মদ পান করেছেন। তাঁরা মানা করলেও তিনি শোনেননি। রাতে কেন হাসপাতালে আনা হয়নি চিকিৎসকের এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, রাতে তিনি (বাবলু) হাসপাতালে আসতে রাজি হননি। মোস্তফা কামাল বলেন, অপরিশোধিত মদ থেকেও বিষক্রিয়া হতে পারে। তাঁরা লাশের ময়নাতদন্ত করাবেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাবলুকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী দিপালী খাতুন ও ছেলে বাপ্পী আহাম্মেদ সেখানেই ছিলেন।
বাবলু হোসেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার চকসিংগা গ্রামে। গত পৌরসভা নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি বিএনপির প্রার্থী নজরুল ইসলামের কাছে হেরেছিলেন। এবার তিনি মনোনয়নপত্র তুললেও অসুস্থ হয়ে পড়ায় জমা দিতে পারেননি।
স্থানীয় লোকজন বলেন, বাবলু হোসেন বরাবরই মাদকাসক্ত ছিলেন। বছর খানেক আগে পরিবারের পক্ষ থেকে তাঁকে সংশোধনের জন্য পুলিশে দেওয়া হয়েছিল। কিছুদিন হাজতে থাকার পরে তিনি বেরিয়ে আসেন।