আড়ানীর মেয়র প্রার্থীর মৃত্যু হয় বিষক্রিয়ায়
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী বাবলু হোসেনের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। মৃত্যুর চার মাস পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাবলুর ছেলে রিবন আহমেদ বাদী হয়ে ৯ মার্চ বাঘা থানায় একটি মামলা করেছেন। ওই দিনই এই মামলার আসামি লিটন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন আড়ানী পৌর এলাকার হামিদকুড়া মহল্লার বাসিন্দা। গ্রেপ্তারের পর লিটনকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, কয়েক দিন আগে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই প্রতিবেদনে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে। অসুস্থ হওয়ার আগে আসামি লিটন বাবলু হোসেনের সঙ্গে ছিলেন। তিনি তাঁকে পান খাওয়ানোর কথা স্বীকার করেছেন। কিন্তু তাঁর কাছ থেকে অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।