আড়িয়াল খাঁয় বেড়া, চলাচল বন্ধ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের প্রায় তিন কিলোমিটার দখল করে মাছ চাষ করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন ওরফে স্বপন।
প্রায় দুই সপ্তাহ ধরে বাঁশ ও জালের আড়াআড়ি বেড়া দিয়ে মূল নদ আটকে দেওয়ায় ক্ষুদ্র মৎস্যজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে সব ধরনের নৌচলাচল।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের জাহাপুর ও কেদারপুর ইউনিয়নের অংশ আটকে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, কেদারপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় আড়িয়াল খাঁ নদে এক ফুট পর পর মোটা বাঁশ পুঁতে রাখা হয়েছে। কয়েকজন শ্রমিক বাঁশের বেড়ায় জাল পাতার কাজ করছেন। প্রায় ৩০০ মিটার চওড়া নদে বাঁশ ও জাল দেওয়ায় নৌকা, ট্রলার ও অন্য নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এ কাজের দেখভালের দায়িত্বে থাকা এনায়েত হোসেন আকন নামের এক ব্যক্তি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান মাছ চাষের উদ্যোগ নিয়েছেন। আমরাও তাঁর সঙ্গে আছি। জাল ফেলা শেষ হলে মাছ চাষ শুরু হবে।’ উপজেলার সিলন্দিয়া বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘আমার তিনটি নৌকা আছে। নদীপথে নৌকায় পণ্য আনা-নেওয়া করতাম। এ অবস্থায় নৌকা ফেলে রাখতে হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ক্ষমতার দাপটে খালেদ হোসেন নদী দখল করে মাছ চাষ করছেন।
উপজেলার কিসমত ঠাকুরমল্লিক গ্রামের বাসিন্দা ছোমেদ মৃধা বলেন, ‘আগে এই নদী দিয়া লঞ্চে আইতাম-যাইতাম। অ্যাহন নৌকা-ট্রলার কিছুই চলে না। দুই বছর আগে সাবেক সাংসদ গোলাম কিবরিয়া নদীর জাহাপুর অংশে সেতুর পরিবর্তে বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে দেন। বর্তমানে উপজেলা চেয়ারম্যান মাছ চাষের নামে বাকি অংশও আটকে দিয়েছেন।’
ফতেপুর এলাকার বাসিন্দা আবদুল হাই হাওলাদার বলেন, এ নদীপথে শিকারপুর থেকে মুলাদী পর্যন্ত লঞ্চ চলাচল করত। এখন মাঝপথের কেদারপুর থেকে জাহাপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে। এ কারণে নদীপথ বন্ধ হয়ে গেছে।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান গায়ের জোরে নদী দখল করে মাছ চাষ করছেন। পুলিশি হয়রানির আশঙ্কায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। সেতুর পরিবর্তে বাঁধ এবং মাছ চাষের নামে নদী দখল দুটোতেই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন বলেন, একসময় ছোট লঞ্চ চললেও এখন ওই নদীতে কিছু চলে না। তাই ওই নদীর এক কিলোমিটার জায়গায় মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। সব কাজে সবাই পক্ষে থাকে না। কিছু লোক তো বিপক্ষে থাকতেই পারে। সেটাও রাজনৈতিক প্রতিপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন বলেন, নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করার কোনো অনুমতি দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেয়ে তদন্ত করে ইতিমধ্যেই প্রতিবেদন জেলায় পাঠানো হয়েছে।