আড্ডা-আনন্দ-উচ্ছ্বাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশজুড়ে অসংখ্য ছোটবড় টিলা। ঘনসবুজ ঘাস আর গাছে ছেয়ে আছে টিলাগুলো। অগ্রহায়ণের এই শীতাক্রান্ত ভোরের সূর্য যখন টিলার শিশিরভেজা ঘাসে ঠিকরে পড়ে, তখন শুরু হয় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস। কেউ বা জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন আবার কেউ বা বাউলসম্রাট শাহ আবদুল করিমের গানে মাতিয়ে তোলেন পুরো ক্যাম্পাস।গতকাল শনিবার দিনভর এভাবেই শিক্ষার্থীরা আড্ডা-গান-নাটকে উদ্যাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নানা কর্মসূচির আয়োজন করেছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষার্থীরা রংবেরঙের সাজে সজ্জিত হয়ে অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বৈশাখী চত্বর থেকে যাত্রা শুরু করে নগরের টিলাগড় মোড় হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী ধূমকেতু-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।বেলা ১১টায় ‘দারিদ্র্য বিমোচন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে কৃষিশিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার, অধ্যাপক জীবন কৃষ্ণ সাহা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. জামালউদ্দিন ভূঞা। বিকেল সাড়ে পাঁচটায় শিক্ষার্থীদের পরিবেশনায় ‘আনন্দ আসর’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে শিক্ষার্থীরা আধুনিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের পাশাপাশি সিলেট অঞ্চলের বিভিন্ন লোককবিদের গান পরিবেশন করেন। রাতে শিক্ষার্থীদের আমন্ত্রণে সিলেটের নবশিখা নাট্যদল মুনীর চৌধুরী রচিত কবর নাটকটি মঞ্চায়ন করে।