আড্ডা-গানে ৩০ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জলকাদায় থিকথিকে শহর সিলেটের রাস্তাঘাট। চারদিকে কেমন যেন গুমোট ধরা পরিবেশ। কিন্তু যখন ঘড়ির কাঁটায় বেলা পাঁচটা, তখন বাদলধারা উপেক্ষা করে নাট্যকর্মীরা একে একে শাহি ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমী মিলনায়তনে জড়ো হলেন। গল্প-গান-কথায় ক্রমশ জমে ওঠে সংস্কৃতিকর্মীদের মিলনমেলা।

মিলনমেলার আড্ডায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও নেই কোনো ক্লান্তি-শ্রান্তি। এরপর রাতের আঁধার যখন ঘনকালো হয়ে আসে, তখন বাড়ি ফেরেন তাঁরা। আনন্দ-উচ্ছ্বাসে গত শনিবার সাড়ে চার ঘণ্টার মুহূর্তগুলোকে এভাবেই স্মরণীয় করে রাখলেন তাঁরা। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ছিল এ আনন্দ-আয়োজন।

সংস্কৃতিকর্মীদের বহুল পরিচিত প্রান্তিক চত্বরে ১৯৮৪ সালের ২০ সেপ্টেম্বর জন্ম হয়েছিল সংগঠনটির। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার দাবিসহ নানা প্রগতিশীল সংগ্রামে সংগঠনটির নেতৃত্বে একাধিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালিত হয়। একসময় প্রান্তিক চত্বর বিলুপ্ত হলেও থেমে থাকেনি নাট্য পরিষদের পথচলা। শনিবার সংগঠনটির গৌরবের ৩০ বছর পূর্তি উপলক্ষে এসব কথাই নাট্যসংগঠকদের কণ্ঠে উচ্চারিত হয়েছে বারবার।

সন্ধ্যা পৌনে সাতটায় ৩০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন নবীন-প্রবীণ নাট্যকর্মীরা। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। সাতটায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মো. আরশ আলী, ভবতোষ রায়বর্মণ, অরিন্দম দত্ত, নিরঞ্জন দে, রওশন আরা মুনির, রজতকান্তি গুপ্ত, খোয়াজ রহিম প্রমুখ। এরপর নৃত্য ও নাটকের গান পরিবেশন শেষে বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রধান শিষ্য ও প্রখ্যাত বাউল আবদুর রহমান বাউলগান পরিবেশন করেন।