আড্ডা দেওয়া চিকিৎসকদের প্রেষণাদেশ বাতিল
বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেষণে বদলি হয়ে রাজশাহী নগরের কুষ্ঠ নিয়ন্ত্রণ কেন্দ্রে বসে বসে আড্ডা দেওয়া চিকিৎসকদের প্রেষণাদেশ বাতিল করা হয়েছে। এ রকম সাতজনকে মূল কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই আদেশ দেওয়া হয়েছে।
এই চিকিৎসকদের মধ্যে চিকিৎসা কর্মকর্তা আহসান আজীজ সরকার, শারমীন নাহার ও রায়হানা পারভীনকে তাঁদের মূল কর্মস্থল পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শাহরিয়ার ইসলামকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কাজী তামান্না হক ও নাজিমা নুসরাতকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিপ্লব কুমার সরকারকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরত পাঠানো হয়েছে।
গত ২৯ মার্চ প্রথম আলোর মহানগর পাতায় ‘রাজশাহী নগরে প্রেষণে আসা চিকিৎসকেরা: কাঁথা সেলাই করে ও আড্ডা দিয়ে কাটে সময়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পরে ৭ এপ্রিল রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আবদুর রাজ্জাক কুষ্ঠ নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বদলির আদেশে উল্লেখ করেছেন, রোগীর উপস্থিতির হার দেখে তাঁর মনে হয়েছে, সেখানে একজন চিকিৎসক থাকা বাঞ্ছনীয়। ওই দিনই তিনি জনস্বার্থে সাত চিকিৎসককে পরবর্তী তিন দিনের মধ্যে মূল কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় চার দিনের মধ্যে তাঁরা সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।
জানতে চাইলে পরিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, একে একে প্রেষণে বদলি হয়ে আসা অন্য চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন।
রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ রকম চিকিৎসকের সংখ্যা ৩৮। একইভাবে রয়েছেন কিছু স্বাস্থ্য সহকারী ও টেকনিশিয়ান। এই চিকিৎসকদের বেশির ভাগই ৩৩তম বিসিএস থেকে আসা। নিয়ম অনুযায়ী, তাঁদের ন্যূনতম দুই বছর গ্রামে থাকার কথা। এ জন্য রাজশাহীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব চিকিৎসককে বদলি করা হয়েছিল। তাঁরা সেখান থেকে প্রেষণে বদলি হয়ে অথবা কাজের কোনো চাপ নেই শহরের এ রকম সব প্রতিষ্ঠানে সংযুক্ত রয়েছেন।
অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত চিকিৎসকেরা রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় গ্রামের মানুষও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।