আড্ডা, শুটিং আর প্রকাশকদের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থমেলার মূল প্রবেশপথ দিয়ে ঢোকার আগেই একদল মানুষের ভিড়। ধরে নিয়েছিলাম জনপ্রিয় কোনো লেখককে কেন্দ্র করে ভক্তদের উপস্থিতি বুঝি। কিন্তু কাছে গিয়ে ভুল ভাঙল। মাওলা ব্রাদার্সের সামনে অভিনেত্রী তিশাকে ঘিরে এই ভিড়। বই কেনাবেচা নয়, রীতিমতো লাইট, ক্যামেরার আয়োজন করে শুটিং। সমবেতদের মুঠোফোনের ক্যামেরা সচল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গেন্ডারিয়ার দীপন কুমার নন্দী একগাল হাসলেন। বলেন, ‘বই বেচাকেনা ছাড়াও অমর একুশে গ্রন্থমেলায় কত কিছুই না হয়!’
কথাটা মনে গেঁথে গেল।
অমর একুশে গ্রন্থমেলার গতকাল বুধবারের পরিবেশটা এত ছিমছাম ছিল যে শুটিংয়ের জন্য দিনটিকে যথার্থ মনে করেছিলেন নির্মাতারা। বিকেলে মেলার আরেক পাশে অভিনেতা শতাব্দী ওয়াদুদকে দেখা গেল রীতিমতো টিভি সাংবাদিক সেজে অভিনয় করছেন ক্যামেরার সামনে। অবশ্য শুটিং দলের কেউই খুব বেশি সময় নেননি। দিনের আলো থাকতে থাকতে কাজ সেরেছেন তাঁরা। তবে নাটক দুটির শুটিং দেখতে যতটা ভিড় ছিল, তা যেন ছিল না মেলার বই কেনার বেলায়৷
মেলার পেরিয়ে গেছে ১১ দিন। হরতাল-অবরোধ উপেক্ষা করেও পাঠকেরা ছুটে আসছেন অমর একুশে গ্রন্থমেলার দুই প্রাঙ্গণ বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে। তার পরও প্রকাশকদের মুখ ভার। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির কাছে দেওয়ার জন্য তাঁরা একটি অভিযোগপত্রও তৈরি করেছেন বলে জানালেন বেশ কয়েকজন প্রকাশক। প্রকাশকদের অভিযোগের তালিকা মোটামুটি বড়ই। ২১টি। এর মধ্যে যে বিষয়টি প্রাধান্য দিচ্ছেন প্রকাশকেরা, তা হলো শিশু প্রকাশনা। তাঁদের দাবি, একাডেমির শিশু কর্নারে স্থাপিত স্টলগুলোতে নকল ও নেট বই বিক্রি হচ্ছে। এ ছাড়া মেলার নিরাপত্তা ও আলোকসজ্জা যথেষ্ট নয় বলে দাবি তাঁদের।
এত দিন বেচাকেনা নিয়ে আশাবাদী হলেও গতকাল হরতাল-অবরোধের কারণে মেলায় বিক্রি কম হওয়ার বিষয়ে প্রায় সব প্রকাশক একই মন্তব্য করেন। এ বিষয়ে হতাশা প্রকাশ করে একাডেমির কাছে তাঁদের দাবি ভর্তুকি প্রদান করার। একই সঙ্গে প্রকাশকেরা যে ভ্যাট দিচ্ছেন, তাও ফেরত দেওয়ার দাবি তাঁদের। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন জানালেন, ‘প্রথমে ১০০টি বই নিয়ে মেলায় থাকার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতি দেখে এখন ৮০টি বইয়ের কাজ শুরু করেছি, এর বেশি আর সংখ্যাটা বাড়াব না।’ আহমেদ পাবলিশিং হাউসের পরিচালক মেজবা আহমেদের কণ্ঠে একই হতাশা—এখনো খুশি হওয়ার মতো ব্যবসা হয়নি।
ওই যে শুনেছিলাম মেলায় ‘কত কিছু’ হওয়ার কথা, তা যেন বারবার খুঁজে পেয়েছি দুই পাশের মেলায়। বর্ধমান হাউসের উত্তরে একাডেমির পুকুরপাড়ে মিলল নানা বয়সী মানুষের আড্ডা। পুকুরঘাটে রীতিমতো সারি ধরে বসে আড্ডা দিতে দেখা গেল কয়েকজন তরুণ-তরুণীকে। তাঁদেরই একজন ফার্মগেটের আকবর হোসেন। বাড়ি নেত্রকোনায়। বললেন, ‘প্রতিদিন মেলায় আসি। আড্ডা মারি, ঘুরি-ফিরি।’ বই কেনেন না? ‘আলবত কিনি, প্রতিদিন একটি করে বই কিনে নিয়ে যাই। বন্ধুদের উপহারও দিই।’ আড্ডা ছিল সোহরাওয়ার্দী উদ্যানের খোলা চত্বরেও। একদল বিদেশিকে দেখা গেল দল বেঁধে আড্ডা দিচ্ছেন এক পাশে। এমনকি নানা প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলগুলোতে ছিল আড্ডা৷ ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্যাভিলিয়নের ভেতরে গিয়ে দেখা গেল, মহিউদ্দিন আহমেদ এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি আলাপচারিতায় মগ্ন। অনুপম প্রকাশনীর স্টলে কর্ণধার মিলন কান্তি নাথ এবং কাকলী প্রকাশনীর নাসির আহমেদ আড্ডা দিচ্ছেন। বিক্রি নিয়ে মিলন নাথ হতাশা প্রকাশ করলেও আগামীকাল শুক্রবার থেকে মেলায় বিক্রি বাড়বে বলে আশাবাদী তিনি।
শুধু আড্ডা না, মেলায় এবার ছবি তোলা আর ভিডিওচিত্র ধারণের বিপুল আয়োজন দেখা যাচ্ছে। মেলায় গতকাল প্রথমবারের মতো দেখা গেল লেখক আনোয়ারা সৈয়দ হককে। জানালেন, পাঁচটি নতুন বই আসছে তাঁর। এর মধ্যে মাওলা ব্রাদার্স থেকে এসেছে গলে যাচ্ছে যে পদক। কথা শেষ হতে না হতেই একজন তরুণ লেখক মনির হায়দার তাঁকে রীতিমতো জোর করে নিয়ে গেলেন কোনো এক চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য।
নতুন বই, নজরুল মঞ্চের চিত্র
বুধবার মেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হয় ছয়টি বইয়ের। এর মধ্যে শাহ আলমগীর মোড়ক উন্মোচন করেন নন্দিতা থেকে প্রকাশিত শামীম পারভেজের হৃদয়ের কথা, শিমূল মুস্তাফা উন্মোচন করেন ইউনিভার্সাল একাডেমির শিমুল পারভীনের দেখতে আমি পাইনি তোমায়। প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ উন্মোচন করেন মাহবুব কামালের জাত নিমের পাতা।
একাডেমির তথ্যকেন্দ্র এবং সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে জানা গেছে, গতকাল মেলার একাদশ দিনে নতুন ১০৭টি বই এসেছে। এর মধ্যে অনুপম থেকে এসেছে ড. মাহবুব সাদিকের সাহিত্যে শিল্পে প্রতিমা, অনিরুদ্ধের বাঁশি, জাগৃতি থেকে এসেছে আহমদ শরীফের ভাব-বুদ্বুদ, আবুল কাশেম ফজলুল হকের তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার, আনিসুল হকের রহস্যের নাম ব্রাজিল ইত্যাদি।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ঘোষণা
প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৪ পেয়েছেন কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান এবং লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে।