আড্ডায় দল বেঁধে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ২ নম্বর গেট এলাকায় বিপণিকেন্দ্র ফিনলে স্কয়ারের ফুড কোর্টে ছোট ছোট দলে ভাগ হয়ে চলে ইফতারের আয়োজন। ছবিটি গত রোববার সন্ধ্যায় তোলা l প্রথম আলো
নগরের ২ নম্বর গেট এলাকায় বিপণিকেন্দ্র ফিনলে স্কয়ারের ফুড কোর্টে ছোট ছোট দলে ভাগ হয়ে চলে ইফতারের আয়োজন। ছবিটি গত রোববার সন্ধ্যায় তোলা l প্রথম আলো

বিকেল সাড়ে পাঁচটা। চারদিকে মানুষে গিজগিজ। হইচই, হাঁকডাক। বিশাল জায়গাজুড়ে পাতা ছোট ছোট চেয়ারে বসে আছেন তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীরাও। কেউ মেনু দেখে খাবার বাছাইয়ে ব্যস্ত, আবার কেউবা খাবার প্যাকেট নিয়ে খুঁজছেন বসার চেয়ার। এ আয়োজনের মূল উদ্দেশ্য ইফতার।

এ চিত্র নগরের দুই নম্বর গেট এলাকার বিপণিকেন্দ্র ফিনলে স্কয়ারের ফুড কোর্টের। গত রোববার গিয়ে দেখা যায়, বিপণিকেন্দ্রের ষষ্ঠ তলায় খাবারের জন্য রয়েছে ১০ হাজার বর্গফুটের বিশাল জায়গা। এতে ইফতারের জন্য খোলা থাকে ছোট-বড় ১৬টি রেস্তোরাঁ। আড্ডায় দল বেঁধে ইফতারের জন্য এই জায়গা বেছে নেন অনেকেই।

চট্রমেট্টো রেস্তোরাঁয় কথা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষক রাহাত আলীর সঙ্গে। তিনি বন্ধু দের সঙ্গে ইফতারে অংশ নিতে এসেছেন এখানে। রাহাত আলী বলেন, একই ছাদের নিচে অনেকগুলো রেস্তোরাঁ থাকায় ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ নেওয়া যায় ইফতার আয়োজনে। রেস্তোরাঁর পরিবেশ ও খাবারের মান ভালো, দামেও কম।

 ক্যাফে আল বাইক নামের এক রেস্তোরাঁর স্বত্বাধিকারী মিনহাজুল আবেদীন বলেন, ‘প্রতিদিন আমাদের এখানে অসংখ্য তরুণ-তরুণী ইফতার করতে আসেন। একসঙ্গে আমাদের রেস্তোরাঁয় প্রায় ৬০ জনের মতো ইফতার করতে পারে।’

সবকটি রেস্তোরাঁতেই ইফতার উপলক্ষে নতুন প্ল্যাটার দেখা গেল। এর পাশাপাশি নিয়মিত খাবারের আয়োজন তো রয়েছেই। নানা খাবারের ভিড়ে এখানকার কয়েকটি রেস্তোরাঁর বিশেষ কিছু পদ ক্রেতাদের পছন্দ বলে জানালেন দোকানিরা।

এর মধ্যে বোনফায়ারের পিৎজা ও গ্রিল রেস্তোরাঁর তন্দুরি চিকেন বিরিয়ানি ২২০, ক্যাফে আল বাইকের হাঁড়ি বিরিয়ানি ২০০, চট্টমেট্রোর চিকেন ললিপপ রাইস ২২০, জেলাপেনোর হাক্কা সেট মিল ২৫০, সিক্সটিন ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর চিকেন দম বিরিয়ানি ২৮০ ও ফেসফুডের তন্দুরি প্ল্যাটার ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া বিপণিকেন্দ্রের রেস্তোরাঁয় এসে ফেসবুকের খাবারের গ্রুপ ফুড মনস্টারে চেকইন দিলে ১০ থেকে ১৫ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে। এর ফলেও তরুণ-তরুণীরা এখানে আসছেন বলে জানালেন সিক্সটিন ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর স্বত্বাধিকারী আরিফ মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে খাবার পর ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ-তরুণীরা খাবারের রিভিউ দিচ্ছেন। আর এটি দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন। তাই প্রতিদিন এখানকার সবকটি রেস্তোরাঁয় বাড়ছে তারুণ্যের ভিড়।

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ মোস্তফা বলেন, ‘মূলত দল বেঁধে আড্ডা দেওয়ার জন্যই বিকেল পাঁচটার দিকে এখানে আসি আমরা। ইফতারের সময় চলে খানাপিনা।’