আড্ডায় ফিরে এল একাত্তর
৯০ বছরের মেজর জেনারেল (অব.) রাজেন্দ্রনাথ ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর একজন ব্রিগেড কমান্ডার হিসেবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। বয়সের ভার শরীরকে না ছাড়লেও স্বাধীনতাযুদ্ধের কথা জানতে চাইতেই তাঁর চোখ উজ্জ্বল হয়ে ওঠে।
অশীতিপর এই জেনারেল প্রথম আলোকে বললেন, কৃষ্ণনগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেই দেখেন এক বিভীষিকাময় পরিস্থিতি। রাস্তাঘাট নেই, ক্ষুধার্ত মানুষ। হিন্দু-মুসলিম সবাই এক অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে।
মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া একদল ভারতীয় সেনা কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেছেন। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর গলফ ক্লাবে এক রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত ও বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এবং বেসামরিক মুক্তিযোদ্ধারা আড্ডায় মেতে উঠেছিলেন। তাঁদের আড্ডায় ৪৪ বছর আগের মুক্তিযুদ্ধ যেন জীবন্ত হয়ে উঠেছিল।
জেনারেল রাজেন্দ্রনাথ বলেন, দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে বাংলাদেশের লাখ লাখ তরুণ ভারতে পাড়ি জমান। তাঁরা ছিলেন মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী। মুক্তিযুদ্ধে তাঁরা সাহসী ভূমিকা রেখেছেন।
ভারতীয় প্রতিনিধিদলের প্রধান লে. জেনারেল বিষ্ণুকান্তি চতুর্বেদী ১৯৭১ সালে ছিলেন একজন তরুণ সেকেন্ড লেফটেন্যান্ট। তিনি বলেন, ‘প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের (বাংলাদেশ সেনাবাহিনী) সঙ্গে সিলেটের জকিগঞ্জে আমি যুদ্ধ করেছি।’ তিনি বলেন, ‘একই মনোভাবাপন্ন দুটি রাষ্ট্র একসঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে শত্রুমুক্ত করেছে। আমরা একই বাংকারে থেকেছি, খেয়েছি, একই নালার পানি পান করেছি।’
রিয়ার অ্যাডমিরাল কে মোহন ’৭১ সালে ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন তরুণ কর্মকর্তা। স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘আমি মূলত মেরিন পাইলট। আমি বঙ্গোপসাগর, মংলা ও চালনায় যুদ্ধ করেছি।’
মেজর জেনারেল পি কে বাত্রা ১৯৭১ সালে ছিলেন মেজর। তিনি জানান, যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা এবং কুষ্টিয়ায় যুদ্ধ করেছেন। অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা ৭১-কে কখনো ভুলতে পারব না। এটা গর্বের বিষয় যে আমরা সবাই এখানে একত্র হতে পেরেছি।’
অনুষ্ঠানে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন শমসের মবিন চৌধুরী, লে. জেনারেল হারুন অর রশীদ, লে কর্নেল জাফর ইমাম প্রমুখ। অন্যান্যের মধ্যে ছিলেন এম মোকাম্মেল হক, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী জি এম কাদের, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ৭১ টিভির মোজাম্মেল বাবু, আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।