আতঙ্ক ওদের পিছু ছাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী থেকে এসেছিলেন বিমল কান্তি আচার্য এবং গাইবান্ধা থেকে সুনীল কুমার বর্মণ। জামায়াত-শিবিরের হাতে নিহত সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক এ বি এম মামুন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও তাঁর ছোট বোন নাঈমা জান্নাতও ছিল। সবাই একে একে ঘটনার তাণ্ডব আর ধ্বংসযজ্ঞের অভিজ্ঞতা জানালেন। তাঁদের অনুভূতি কষ্ট আর বেদনায় ঢাকা। আতঙ্ক আর ভয় এখনো তাঁদের পিছু ছাড়েনি। তাঁরা বললেন, ওই মুহূর্তে পাশে কাউকে পাননি। পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়ে পাননি। অধিকাংশ জায়গায় এখনো প্রয়োজনীয় সরকারি সহায়তা আসেনি, শুরু হয়নি পুনর্বাসন। আর যাঁরা হামলা করেছিলেন, এখনো অনেক এলাকায় তাঁরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। দেশের সাতটি এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডবের শিকার মানুষেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে হাজির হয়ে এসব কথাই জানালেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে সংহতি সমাবেশের আয়োজন করেছিলেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সমাবেশে বলেন, দেশের সব রাজনৈতিক দলই রাজনীতিতে ধর্মের ব্যবহার করেছে। সংবিধানে আবারও রাষ্ট্রধর্ম ইসলাম ফিরে এসেছে। আর এসব কিছুর মধ্য দিয়ে জামায়াতে ইসলামী দেশে শক্তি অর্জন করেছে। সম্প্রতি জামায়াতের দেশব্যাপী তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ সেই শক্তিরই প্রদর্শন। গত ২৮ ফেব্রুয়ারির বর্ণনা দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিমল কান্তি আচার্য বলেন, ‘২৮ ফেব্রুয়ারি আমাদের পূজামণ্ডপে হামলা করে সাম্প্রদায়িক গোষ্ঠী। এরপর তারা আমার বাড়িঘরে হামলা করে। প্রশাসন আমাদের মন্দির পুনর্নির্মাণ করে দিচ্ছে। তবে হামলাকারীরা এখনো থেমে নেই। গত পরশু দিনও তারা মন্দিরের দেয়াল ভেঙে দিয়েছে।’জামায়াত-শিবিরের হাতে নিহত সাবেক ছাত্রলীগের নেতার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ছোট বোন ছয় বছরের শিশু নাঈমা জান্নাত বলে, ‘দুপুরে ভাত খেয়ে কেবল শুয়েছি, এমন সময় ওরা বাড়ির দরজা ভেঙে আসে। আমার দুলাভাইকে পুকুরে ফেলে দেয়। পুকুরের পানি লাল হয়ে যায়।’ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই, শাস্তি চাই।’গাইবান্ধার হাফিজা বেগম বলেন, ‘আমি সুন্দরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে পুলিশের কাছে সহায়তা চেয়েছি। কিন্তু কিছুই হয়নি। এখনো হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে।’ সাতক্ষীরায় জামায়াতের হামলার সময় প্রতিরোধ গড়েছিলেন জেলার ১৪ দলের সমন্বয়ক ও সাতক্ষীরা ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা লুৎফুল্লাহ। তিনি অভিযোগ করেন, ‘প্রশাসনে থাকা জামায়াত-শিবিরের লোকজন আমাদের বিভ্রান্ত করেছে। হামলার সময় পুলিশকে জানিয়েছি। কিন্তু সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো ব্যবস্থা নেননি।’বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এ বি এম বাদশাহ স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী বাদে স্থানীয় সব রাজনৈতিক দল একত্রে আলোচনা করে এলাকা পাহারা দিচ্ছে। স্থানীয় প্রশাসন থেকে আরও সহায়তা পেলে এ প্রতিরোধ দেশের অন্য স্থানগুলোতে শুরু করা যেত। চট্টগ্রামের সাতকানিয়ার কাজি নূর মোহাম্মদ বলেন, জামায়াতের লোকজন কেবল হামলাই করেনি, পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে। ওদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।প্রবীণ শিক্ষক অজয় রায়ের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ। সমাবেশে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, প্রবীণ শিক্ষক সাদউদ্দিন এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।