বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর মাস্ হিস্টিরিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে সৃষ্ট আতঙ্ক দূর করতে সচেতনতামূলক সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।গত বুধবার হঠাৎ করেই সাতজন শিক্ষার্থী ও তিন নারী একসঙ্গে হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অস্বাভাবিক আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে। তাঁদের ‘হিপনোটাইজড’ (মন্ত্রগ্রস্ত) করার সন্দেহে এক কথিত তান্ত্রিক ও তাঁর এক সহযোগীকে ওই দিনই আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়।মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদারের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন মংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল হালদার, হলদিবুনিয়া ইউপি চেয়ারম্যান সুদর্শন মিস্ত্রী, পার্শ্ববর্তী চাঁদপাই ইউপি চেয়ারম্যান তারিকুল আসলাম, মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।বক্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কথিত তান্ত্রিকের কথাবার্তায় ‘হিপনোটাইজড’ হয়ে শিক্ষার্থীরা মাস্ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাঁরা বলেন, এটা কোনো দৈবকাণ্ড বা ভূতপ্রেতের বিষয় নয়। আগেও এ ধরনের ঘটনা ঘটার নজির আছে।সভায় কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে এলাকায় আশ্রয়-প্রশ্রয় না দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি তাঁরা আহ্বান জানান।এদিকে গ্রেপ্তার জ্যোতির্ময় আনন্দ দাস (৩২) পুলিশের কাছে তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।গতকাল সকালে মংলা থানা চত্বরে জিজ্ঞাসাবাদের সময় আনন্দ দাস বলেন, ‘আমি কাউকে প্রভাবিত করিনি। এটা ঈশ্বরের পথ না। আমি নির্দোষ।’ উপস্থিত গ্রামবাসী তাঁর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ তুললে তিনি বলেন, তিনি দেবতার প্রসাদ হিসেবে গাঁজা সেবন করে থাকেন।তাঁকে জিজ্ঞাসাবাদের সময় মংলা থানার ওসি, ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, বুধবার অসুস্থ হয়ে পড়া কয়েকজন শিক্ষার্থীসহ এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন।এদিকে মংলা থানার পুলিশ কথিত তান্ত্রিককে আশ্রয় দেওয়ার অভিযোগে হলদিবুনিয়া গ্রাম থেকে অচিন্ত্য মণ্ডল (৪৫) নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মংলা থানার উপপরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্ত কর্মকর্তা আবদুুস সাত্তার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।