খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নে চারটি আদিবাসী গ্রামে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনার গতকাল রোববার এক বছর পূর্ণ হলো। সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শাস্তি হয়নি, আসামিরা সবাই জমিনে রয়েছেন।
অপর দিকে আদিবাসীরা এখনো সেই দিনের ভয়াবহ স্মৃতি ভুলতে পারেননি। এখনো তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের হিসাবমতে, সেদিনের ঘটনায় ছয়টি গ্রামের মোট ৩৮টি পরিবারসহ একটি বৌদ্ধমন্দির ক্ষতিগ্রস্ত হয়। সাধারণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩৩টি পরিবার। ঘটনার পরদিনই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনের আশ্বাস দেন।
ঘটনার পর থেকে সরকার ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের জন্য সেমিপাকা ঘর, নগদ টাকা, ঢেউটিন ও খাদ্যশস্য, সাধারণভাবে ক্ষতিগ্রস্ত ৩৩৩ পরিবারের জন্য খাদ্যশস্য ও নগদ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন তহবিল, বিশ্ব খাদ্য সংস্থা বিভিন্নভাবে সহায়তা দিয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুরোপুরি পুনর্বাসন ও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।
ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত বগাপাড়ার বাসিন্দা অনিল বরণ চাকমা ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলার আইনজীবী সমারী চাকমা জানান, এ মামলায় আটক সব আসামি বর্তমানে জামিনে রয়েছেন। পুলিশ গত ১৫ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন খাগড়াছড়ি আমলি আদালতে জমা দেয়। তদন্ত প্রতিবেদন মনগড়া ও সঠিক তদন্ত হয়নি অভিযোগ এনে বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত বর্তমানে মামলাটি সিআইডির তদন্তের নির্দেশ দেন।
বগাপাড়ার বাসিন্দা বকুল চাকমা ও বান্দরশিং পাড়ার বাসিন্দা দেবব্রত চাকমা জানান, সরকার শুধু পুড়ে যাওয়া ঘরবাড়ির মালিকদের নতুন করে ঘর বানিয়ে দিয়েছে। ঘটনায় যাঁরা ভাঙচুর, লুটপাট ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য তাৎক্ষণিক খাদ্যসহায়তা ও সামান্য পরিমাণ নগদ টাকা দেওয়া ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি। ক্ষতিগ্রস্ত গ্রামের আদিবাসীরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের জায়গা-জমি বেদখলের আশঙ্কা এখনো রয়েছে। বাঙালিরা নানাভাবে হুমকিধমকি দিচ্ছে। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবি জানান।
গত বছরের ৩ আগস্ট ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে অপহরণ করা হয়েছে মর্মে গুজব রটিয়ে স্থানীয় বাঙালিদের উত্তেজিত করা হয়। উত্তেজিত বাঙালিরা পার্শ্ববর্তী চারটি আদিবাসী গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালায়।
তাইন্দং ঘটনার এক বছর পূর্তিতে ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম, হিল ইউমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সদরে গতকাল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি স্বনির্ভর এলাকা থেকে বের হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা তাইন্দং ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।