আতঙ্ক কাটেনি আহত তিন নির্বাচনী কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রে হামলায় আহত হন প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিন (বাঁয়ে) এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজিমুল ইসলাম (ডানে ওপরে) ও অনিল কান্তি বড়ুয়া। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি । প্রথম আলো
নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রে হামলায় আহত হন প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিন (বাঁয়ে) এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজিমুল ইসলাম (ডানে ওপরে) ও অনিল কান্তি বড়ুয়া। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি । প্রথম আলো

কলেজশিক্ষক জামাল উদ্দিনের শরীরজুড়ে আঘাতের চিহ্ন। দুই হাতের হাড় ভাঙা, পিঠে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন। যন্ত্রণাক্লিষ্ট ও আতঙ্কিত চোখ-মুখ নিয়ে শুয়ে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। একই হাসপাতালে চিকিৎসাধীন দুই স্কুলশিক্ষক অনিল কান্তি বড়ুয়া ও নাজিমুল ইসলামের আতঙ্কও এখনো কাটেনি।
এ তিনজন গত রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে নির্বাচনবিরোধীদের হামলায় গুরুতর আহত হন। তাঁদের মধ্যে জামাল উদ্দিন ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা, অনিল কান্তি ও নাজিমুল ছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা।
গতকাল বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিনের পাশে আছেন তাঁর সহকর্মী। অবরোধ-হরতালের কারণে খবর শুনেও কুমিল্লায় থাকা স্ত্রী-সন্তানেরা আসতে পারেননি।
রোববারের হামলার বর্ণনা দিয়ে জামাল উদ্দিন বলেন, ‘অন্তত ২০০ ছোট ছোট ছেলে ককটেল ও পাথর নিক্ষেপ করতে করতে কেন্দ্রে আক্রমণ করে। কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গুলিও একসময় শেষ হয়ে যায়। এরপর হামলাকারীরা ঢুকে আমাদের এলোপাতাড়ি কোপায়। হামলা হতে পারে—এমন আশঙ্কা থেকে অতিরিক্ত ফোর্সের জন্য সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি। কিন্তু পাইনি। হামলাকারীরা পকেট থেকে মুঠোফোন ও ২০ হাজার টাকাও নিয়ে যায়।’ কথা বলার সময় তাঁর মুখে ছিল আতঙ্কের ছায়া।
জামাল উদ্দিন জানান, তিনি হূদেরাগী। হার্টে রিং পরানো আছে। উচ্চমাত্রার ডায়াবেটিস থাকায় ভাঙা দুই হাতে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। মাত্র ছয় মাস আগে পদোন্নতি পেয়ে কুমিল্লা থেকে সাতকানিয়া কলেজে বদলি হন। পরিবার এখনো কুমিল্লায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরের ওই ভোটকেন্দ্রে হামলার আগে কেন্দ্রটির চারপাশের সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরে বেলা একটার দিকে হামলা চালানো হয়।
খবর পেয়ে গাছ সরিয়ে সেখান থেকে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। তাঁদের প্রথমে নেওয়া হয় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে।
স্কুলশিক্ষক অনিল কান্তি বড়ুয়া নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাঁর মাথায় কোপ ও দুই হাতে লাঠির আঘাত লেগেছে। তিনি এখনো ভালো করে কথা বলতে পারেন না। পাশে বসা স্ত্রী রন্তা বড়ুয়া বলেন, ‘তিনি (অনিল) অনেক নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কখনো এমন হয়নি। হামলাকারীরা পকেট থেকে ১২ হাজার টাকাও নিয়ে গেছে।’
রন্তা বড়ুয়া জানান, খবর শুনেও ছেলে ঢাকা থেকে আসতে পারেনি। বাঁ চোখে আঘাত পাওয়া নাজিমুল ইসলাম চক্ষু বিভাগে চিকিৎসাধীন আছেন।
চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার মাহমুদুল হক জানান, নাজিমুলের বাঁ চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাজিমুল ইসলাম বলেন, ‘সেদিনের কথা মনে হলে এখনো শিউরে উঠি। কোনোরকমে প্রাণ নিয়ে আমরা ফিরেছি।’