আতঙ্ক কাটেনি গুচ্ছ গ্রামের বাসিন্দাদের
‘মোগো একদিন সব আছিল। ঘরদোর, জমি সব পায়রায় ভাইঙ্গা নিছে। দিন-রাইত খালি আতঙ্কে কাটাইছি। সব হারাইয়া এহন আশ্রয় পাইছি, ঘর পাইছি। তয় আগে মোরা নদীভাঙনের আতঙ্কে থাকতাম, এহন থাহি জোয়ারের পানির আতঙ্কে।’ এভাবেই নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেন পটুয়াখালীর দুমকি উপজেলার চর লেবুখালী গুচ্ছগ্রামের বাসিন্দা ফাতেমা বেগম (৬০)। এই গুচ্ছগ্রামে ফাতেমা বেগম তাঁর ছেলে নয়ন (৩০), ছেলের বউ পরিবানু (২০), দুই নাতি শাকিল (৭) ও জুয়েল (৩), স্বামী পরিত্যক্তা মেয়ে নাজমা (২০) ও তাঁর ছেলে সোহাগ (২)। এই সাতজন নিয়ে বসবাস করছেন। দুমকি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পায়রা নদীর ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন এমন ৫০টি পরিবারকে নদীর উত্তর পারে জেগে ওঠা চর লেবুখালীর চার একর জমির ওপর নির্মিত গুচ্ছগ্রামে আশ্রয় দেওয়া হয়েছে। ১৩ আগস্ট সরেজমিনে দেখা গেছে, পূর্ণিমার জোয়ারের সময় গুচ্ছগ্রামের চারদিকে পানি থই থই করছে। এর চারদিকে নেই বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ। শিশুদের লেখাপড়ার জন্য নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানও। গুচ্ছগ্রামের বাসিন্দা চৌকিদার ফোরকান বলেন, এক মাস আগে ৫০টি পরিবারকে এখানে আশ্রয়ের জন্য ঘর বরাদ্দ দেওয়া হলেও ইতিমধ্যে ৩৫টি পরিবার এখানে এসেছে। এই ৩৫টি পরিবারের সদস্য সংখ্যা পৌনে ২০০-র মতো। এর মধ্যে ৮৫টি শিশু রয়েছে। সামান্য জোয়ারেই সব প্লাবিত হয়ে যায়।দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বর্ষা মৌসুমে নদীর জোয়ারের পানি বাড়ে। কিন্তু জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এই গুচ্ছগ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা কম। গুচ্ছগ্রাম প্রকল্পে বেড়িবাঁধের জন্য কোনো বরাদ্দ নেই। তবে লেবুখালী সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সেতু নির্মিত হলে গুচ্ছগ্রামটি প্রতিরক্ষা বাঁধের আওতায় আসবে। তখন প্লাবনের আর কোনো আশঙ্কা থাকবে না। এ ছাড়া গুচ্ছগ্রামের শিশুদের লেখাপড়ার জন্য সেখানে একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।