আতঙ্ক কাটেনি সাতক্ষীরা ও কলাপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানতে পারে—এই আতঙ্কে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষ গত সোমবার নির্ঘুম রাত কাটিয়েছে। মানুষজন বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয় আশ্রয়কেন্দ্রে। গতকাল মঙ্গলবার সকালে তারা বাড়ি ফিরে গেলেও এসব এলাকার মানুষের আতঙ্ক কাটছে না। এদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, লতাচাপলী, ধুলাসার, লালুয়া, চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের মানুষ সোমবার রাত পার করেছে আতঙ্কে।
সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন, মোরা আঘাত হানার আশঙ্কায় জরুরি ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলায় ১৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জেলা সিভিল সার্জনকে অনুরোধ করা হয় প্রতিটি উপজেলায় চিকিৎসক দল প্রস্তুত রাখতে। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোরার শঙ্কা কেটে না যাওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়। জেলার সব এলাকায় মাইকিং করে মোরা সম্পর্কে সতর্ক করা হয়। শ্যামনগর ও আশাশুনিতে প্রস্তুত রাখা হয় ৩ হাজার ৩০০ স্বেচ্ছাসেবক।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির খলিশাবুনিয়া গ্রামের হামিদ সরদার, শহীদ সরদার, রবিউল ইসলাম ও আফসার মোড়ল জানান, তাঁরাসহ ৮০-৯০টি পরিবারে চার শতাধিক সদস্য গাবুরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। আতঙ্কে তাঁরা আশ্রয়কেন্দ্রে চলে আসেন। কিন্তু ভয়ে সারা রাত কাটে নির্ঘুম।
গাবুরা ইউপির চেয়ারম্যান আলী আযম টিটু বলেন, এই দ্বীপ ইউনিয়নের ৮ হাজার ২০০ পরিবারের লোকসংখ্যা ৪৩ হাজার। তাঁর ইউপি ২৮ দশমিক ৬ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দিয়ে ঘেরা। এর মধ্যে ১১টি স্থানের প্রায় ১০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। ফলে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সারা রাত স্থানীয় মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে রাত কাটিয়েছে। ইউপির পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় মোরা আঘাত না হানলেও এলাকার মানুষের আতঙ্ক কাটছে না।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, লতাচাপলী, ধুলাসার, লালুয়া, চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের লোকজন আতঙ্কে রাত পার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ইউনিয়নের লোকজন আগে থেকেই আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান নেন।
গতকাল দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান বলেন, সাগরপারে এই উপজেলাটির অবস্থান হওয়ায় দুর্যোগের প্রভাব অন্য এলাকার চেয়ে বেশি পড়ে। তবে এবার দুর্যোগকে কেন্দ্র করে কোনো ধরনের ক্ষতি হয়নি। চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার খবর পেয়ে এই উপকূলের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।