কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বহিরাগতদের দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করারও অভিযোগ উঠেছে।
স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলামের চাচাতো ভাই আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আজিজ বাঙালী ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. ফখরুল ইসলাম এসব অভিযোগ করেছেন। এর আগে চতুর্থ ধাপে এপ্রিল মাসে এ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশন ওই সময় নির্বাচন স্থগিত করে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন। নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থী হয়েছেন। কাল শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আজিজ বাঙালী ও বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান বহিরাগতদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। প্রচারণার নামে সাধারণ ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছেন। এ নির্বাচনে কেন্দ্র দখল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। নির্বাচনের দিন এজেন্ট ঢুকতে দেবেন না বলে তিনি হুমকি দিচ্ছেন। একই সঙ্গে চেয়ারম্যানের ব্যালট পেপার ভোটারদের হাতে যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘আমার প্রচারণার সময় মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। এটা কোনো ধরনের মহড়া নয়। এ ছাড়া ভোটার ও প্রার্থীদের হুমকি, ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঢুকতে না দেওয়া ও চেয়ারম্যানের ব্যালট পেপার ভোটারদের হাতে যাবে না—এসব হুমকি তিনি দেননি।’
ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফখরুল ইসলাম দাবি করেন, ‘ইউনিয়নের কোথাও আমার পোস্টার নেই। আমার কর্মীরা প্রচারে নামলেই তাঁদের ওপর হামলা চালানো হয়। প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘিত হলেও প্রশাসন নির্বিকার।’
পোমগাঁও, ঝলম, চাপনি, নরহরিপুর, বচইড় গ্রামের কয়েকজন ভোটার বলেন, নির্বাচনের কোনো স্বাভাবিক পরিবেশ নেই।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নয়টি ভোটকেন্দ্রের ৪২টি কক্ষে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. তাজুল ইসলাম বলেন, ‘আমার চাচাতো ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেও আমাদের কাছ থেকে আলাদা। তিনি আমাকে জিজ্ঞেস করে প্রার্থী হননি। আমিও কিছু বলিনি। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।’