আতঙ্ক ছড়ানো পোকাটি আফ্রিকান, পানিতে উপদ্রব কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষক ও ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানো পোকার নাম জায়ান্ট মিলিবাগ। পোকাটি আফ্রিকান। বৃষ্টি হলে বা প্রচুর পানি ছিটালে পোকাটির উপদ্রব কমতে পারে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পোকাটি আফ্রিকান। এটি ফসলের জন্য বেশি ক্ষতিকর। মানুষের সংস্পর্শে এলে চুলকানি, এলার্জি ও শ্বাসকষ্ট হতে পারে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পোকার সংক্রমণ যাতে মারাত্মক আকার নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আফ্রিকান এই পোকাটি পাশের দেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে আসতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিশেষজ্ঞ দল বিষয়টি খতিয়ে দেখছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার শিক্ষক আবুল বাশার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রজ্জব আলী।
গত কিছুদিন ধরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে ওই পোকার উপদ্রব দেখা দেয়। একটি রেইনট্রিগাছ থেকে পোকাটি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে গেছে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একধরনের আতঙ্ক দেখা দিয়েছে।