
সূর্য উঠতে তখনো ঘণ্টা দেড়েক বাকি। সবে ঘড়িতে ৫টা ৭। কেউ কেউ উঠেছে। বেশির ভাগ মানুষ শীতের লেপ-কাঁথার নিচে। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে বিছানা ছাড়তে বাধ্য হলো অনেকে। অনেকটাই আতঙ্কে। কারণটা এতক্ষণে সবারই জানা—ভূমিকম্প। কেউ কেউ দ্রুত ঘর
ছেড়ে রাস্তায় নেমে আসে। সারা দেশে শহর-গ্রাম সর্বত্রই ছিল এ রকম দৃশ্য।
যদিও গতকালের ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল দেশের বাইরে, তবু সারা দেশ কাঁপিয়ে, আতঙ্কিত ও উদ্ভ্রান্ত করে ফেলেছিল। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে সৃষ্টি হয়েছিল সেই দুর্যোগ। উৎসস্থল ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে, উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে, ভূ-পৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে। মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫। ভূমিকম্পে মণিপুরে এখন পর্যন্ত আটজন মারা গেছে। আহত হয়েছে শতাধিক।
এ দুর্যোগে আতঙ্কিত হয়ে ঢাকা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, রাজশাহী ও লালমনিরহাটে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। আর আতঙ্কিত করে দিয়ে গেছে সমগ্র দেশবাসীকে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, মণিপুরের ওই অঞ্চলটি পৃথিবীর ষষ্ঠ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এলাকাটি ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্রলম্বিত এবং সর্বোচ্চ ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার ক্ষমতা রাখে। ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্য এবং বাংলাদেশের সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম এই মেগা থ্রাস্টের অংশ। মাত্রা ও গভীরতার বিচারে গতকালের ভূমিকম্পকে মাঝারি শক্তিশালী অগভীর (শ্যালো ফোকাস) ভূমিকম্প বলা হয়।
ভূতাত্ত্বিক বিবেচনায় মাঝারি হলেও বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় স্মরণকালের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় ঝাঁকুনি। ঢাকার প্রবীণ ব্যক্তিরাও এত বড় ঝাঁকুনির কথা স্মরণ করতে পারেননি। ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনের বায়তুল মোশাররফ মসজিদে গতকাল ভোরে নামাজ পড়তে এসেছিলেন মিনহাজ সাহেব। বয়স সত্তরের কোঠায়। জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ঢাকায় এত বড় কম্পনের ঘটনা তাঁর জীবনে ঘটেনি। এর কারণও স্পষ্ট। বাংলাদেশে সর্বশেষ বড় ভূমিকম্প (৭ দশমিক ৪ মাত্রার) হয়েছিল ১৯১৮ সালে, যা শ্রীমঙ্গল ভূমিকম্প নামে পরিচিত।
ঢাকায় ভূমিকম্পের সময় জুরাইন এলাকায় আতিকুর রহমান (২৩) নামে একজন ছাত্রের মৃত্যু হয়েছে। ছোটাছুটি করার সময় আহত ওই ছাত্রটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়ায় ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আহমদ আলী (৫০) নামের একজন শারীরিক প্রতিবন্ধী দিনমজুর মারা গেছেন। সোমবার ভোররাতে ভূমিকম্পের সময় পরিবারের সদস্যদের ঘুম থেকে ডেকে তুলে আহমদ আলী নিজেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাৎক্ষণিক মারা যান। আহমদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্জয়পুর গ্রামের বাসিন্দা।
আতঙ্কিত হয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী কদুরবাজার এলাকার মৃত নজর উদ্দিনের ছেলে নূর ইসলাম ওরফে কদু (৫৫) নামের মুদি দোকানদার মারা গেছেন বলে জানা যায়।
ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী মারা গেছেন। ওই কর্মচারীর নাম খলিলুর রহমান (৬৫)। জামালপুরের মেলান্দহ উপজেলায় ভূমিকম্প-আতঙ্কে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোনা মিয়া (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫টা ১৫ মিনিটের সময় ওই উপজেলার দুরমুঠ ফুলতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমিকম্পের আতঙ্কে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর ৫টা ১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৩৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বেশির ভাগ তাড়াহুড়া করে বাইরে বের হতে গিয়ে কিংবা লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাতে গিয়েছিল। চট্টগ্রামে পুলিশের দুই সদস্য ভূমিকম্পের ভয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী একইভাবে আহত হওয়ায় ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সর্বসাধারণের অজ্ঞতা সম্পর্কে ধারণা করা যায়।
বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্প প্রবণ এলাকায়। কাজেই এখানে ভূমিকম্প হবেই। তাই ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়া, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করা, ভূমিকম্প-পরবর্তী জরুরি উদ্ধার ও অনুসন্ধানকাজের প্রস্তুতি নেওয়া অতি জরুরি।