আতঙ্ক নিয়ে চলে কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে সংস্কারহীন দিনাজপুরের ​নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভেতরের এ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দীর্ঘদিন ধরে সংস্কারহীন দিনাজপুরের ​নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভেতরের এ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

জরাজীর্ণ কক্ষের ছাদ থেকে খসে পড়ছে ছাদের পলেস্তারা। আর বৃষ্টি হলে ছাদ চুইয়ে পড়ে পানি। ভবনের সব কটি দেয়াল ও মেঝে স্যাঁতসেঁতে। নেই সীমানাপ্রাচীর। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় ভবনের সামনের খালি জায়গা।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অবস্থা এমনই বেহাল। উপজেলা সদর এ ইউনিয়নে হওয়ায় এটি সদর ভূমি কার্যালয় হিসেবে পরিচিত। ভূমি কার্যালয়টির এমন অবস্থা হওয়ায় কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা সব সময় আতঙ্কে থাকেন।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ একটি কক্ষেই বসেই কাজ করছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোমিনুল ইসলাম এবং দপ্তর সহকারী মোহাম্মদ আলী। ওই কক্ষে উন্মুক্তভাবে রাখা আছে জমির রেকর্ডসহ মূল্যবান কাগজপত্র। কয়েক দিনের বৃষ্টিতে অনেক কাগজপত্র ভিজে গেছে। কক্ষটির ছাদের একমাত্র বিমটির প্রায় সব পলেস্তারা খসে পড়ে ভেতরের রডগুলো বেরিয়ে গেছে। দেয়ালের কোণে কোণে আগাছা জন্মেছে। দেয়ালে ফ্যান লাগাতে না পেরে ছাদে একটি বাঁশ বসানো হয়েছে। সেখানেই দড়ি দিয়ে বেঁধে ফ্যান লাগানো হয়েছে।
ভবনের ভেতরের মতো খারাপ অবস্থা বাইরেও। কার্যালয়ের সামনে প্রায় এক বিঘা খালি জমি আছে। সেখানে কাদা জমে রয়েছে। সবাইকে কাদা মাড়িয়ে কার্যালয়ের ভেতরে ঢুকতে হচ্ছে। সীমানাপ্রাচীর না থাকায় কার্যালয়ের সামনের জায়গাটি বিভিন্ন যানবাহনের ফাঁদে পরিণত হয়েছে।
দপ্তর সহকারী মোহাম্মদ আলী বলেন, ১৯৩৯ সালে দাতব্য চিকিৎসালয়ের জন্য তৈরি এ ভবনের একটি কক্ষে ১৯৭৬ সাল থেকে ইউনিয়ন ভূমি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাঁদের কক্ষটি এত ভঙ্গুর হয়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে থাকেন সব সময়। বাথরুমটিও ব্যবহারের অনুপযোগী।
সহকারী কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, বৃষ্টির পানি পড়ে অনেক মূল্যবান কাগজ নষ্ট হয়ে যাচ্ছে। সীমানাপ্রাচীর না থাকায় এ কার্যালয়টি অরক্ষিত। ২০১৩ সালে যোগদানের পর থেকে কক্ষটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছিল।
বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ইউনিয়ন ভূমি কার্যালয়টি নতুন করে নির্মাণের জন্য তিনি উপজেলার বিভিন্ন সভায় একাধিকবার অনুরোধ করেছেন।
আরডিসি তোফাজ্জল হোসেন জানান, সম্প্রতি জেলা থেকে ‘উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয় নির্মাণ-ষষ্ঠ ধাপ’-এর একটি প্রকল্প সরকার ও প্রকৌশল বিভাগে (এলজিইডি) পাঠানো হয়েছে। সেখানে বিনোদনগর ভূমি কার্যালয়ের নাম নেই। তবে সেটি দ্রুত সংস্কারের জন্য তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন।