আতঙ্ক নয়, দরকার সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকুনগুনিয়া রোধে সচেতনতা সৃষ্টিতে গতকাল নরসিংদীতে পথসভা করা হয় l ছবি: প্রথম আলো
চিকুনগুনিয়া রোধে সচেতনতা সৃষ্টিতে গতকাল নরসিংদীতে পথসভা করা হয় l ছবি: প্রথম আলো

চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের বিষয়ে নরসিংদী জেলা হাসপাতালের কনফারেন্স রুমে গতকাল সোমবার সকালে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন সৈয়দ আমীরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

জেলা হাসপাতালের আরএমও মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তারা চিকুনগুনিয়া সম্পর্কে উপস্থিত সবাইকে সচেতন করেন এবং এর প্রতিকার ও প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘চিকুনগুনিয়া নিয়ে এরই মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি ও আমার পরিবার ভুক্তভোগী। ১০ দিন হাসপাতালে ছিলাম, এখনো থেকে থেকে ব্যথা অনুভব করি। প্রথমে পাকিস্তান, পরে ভারত হয়ে বাংলাদেশে এসে চিকুনগুনিয়া অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। জনবহুল এই দেশে শুধু সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলো একা এসব সামাল দিতে পারবে না। সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার মাধ্যমেই দেশকে চিকুনগুনিয়ামুক্ত করা সম্ভব।’

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সিডিসি) মো. নাসির আহমেদ খান বলেন, চিকুনগুনিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতন থাকাটা জরুরি। তবেই জাতীয় ও স্থানীয়ভাবে এটি প্রতিরোধ করা সম্ভব।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও সৈয়দ আমীরুল হক বলেন, নরসিংদীতে চিকুনগুনিয়ায় আক্রান্ত কয়েকজন পাওয়া গেলেও নরসিংদীতে বসবাস করেন এমন কাউকে চিহ্নিত করা যায়নি। জেলা পর্যায়ে রোগীর সংখ্যা কম।

আলোচনা পর্ব শেষে নরসিংদী সদর হাসপাতালের সামনে পথসভার মাধ্যমে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।