আতঙ্ক সৃষ্টি করতে হত্যাকাণ্ড : সৈয়দ আশরাফ
মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, দু-একটি খুন করে বাংলার মানুষের মনে ভয় ধরানো যাবে না।
আজ বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টি আর বাংলাদেশ ভয়ের দেশ—এটা প্রমাণ করতেই টার্গেট হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সরকার এদের দমনে দিনরাত কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দারা কাজ করছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ভয়ের দেশ নয়। আমরা সাহসী জাতি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দু-একটি খুন করে বাংলার মানুষের মনে ভয় ধরানো যাবে না।’
সৈয়দ আশরাফ বলেন, সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী ও জনমুখী সিভিল প্রশাসন।