আতঙ্কিত না হতে দেশবাসীকে পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পরিস্থিতির বিষয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানার’ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়ে তিনি বলেছেন, ‘এ রকম অভিযান চলবে। এসব রুটিন ওয়ার্ক। কল্যাণপুরে এক জঙ্গি ধরা পড়েছে। নিহত হয়েছে নয়জন। নিহত ব্যক্তিদের সবাই জঙ্গি। আমাদের কয়েকজন পুলিশও আহত হয়েছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’কে সফল উল্লেখ করে আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘ওই জঙ্গি আস্তানায় থাকা জঙ্গিরা দু-এক দিনের মধ্যে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। পুলিশ ওখানে পৌঁছালে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়।’ তিনি বলেন, কল্যাণপুরে উদ্ধার করা বিস্ফোরকদ্রব্য, জঙ্গিদের ব্যবহৃত পোশাকের সঙ্গে গুলশান ও শোলাকিয়ার জঙ্গিদের ব্যবহৃত পোশাকের মিল পাওয়া গেছে।