চলতি বছরের প্রথম চার মাসে গাজীপুরে ২০টি অপহরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন উদ্ধার হলেও অনেকের খোঁজ এখনো পাওয়া যায়নি। এর পরও আতঙ্কিত না হতে বললেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল বাতেন।
অপহরণের ঘটনা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসপি আবদুল বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও গোলাম আজাদ খান এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
সংবাদ সমেঞ্চলনে হাজির করা হয় কালিয়াকৈর থেকে অপহরণের পর উদ্ধার হওয়া দুই ভাই কাদারী চন্দ্র সরকার ও ঝিলমোহন চন্দ্র সরকারকে। ঝিলমোহন চন্দ্র সাংবাদিকদের জানান, গত সোমবার ভোররাতে উপজেলার তানসূত্রাপুর এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের দুই ভাইকে জোর করে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নেওয়া হয়। পরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে সাভারের নবীনগরের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় অপহরণকারীদের একজন ফোনে কথা বলেন, ‘স্যার ওদের দুই ভাইকে তুলে নিয়ে এসেছি, এখন কী করব।’ তাঁদের দুই ভাইকে একটি অন্ধকার ঘরে সারা দিন আটকে রাখা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের নন্দন পার্কের পাশে বাড়ইপাড়া এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। জমি-সংক্রান্ত বিরোধের কারণেই তাঁদের অপহরণ করা হতে পারে বলে জানান ঝিলমোহন।
এসপি আবদুল বাতেন বলেন, হঠাৎ করেই অপহরণের একটি ধারা শুরু হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে পুলিশ দ্রুত তাদের উদ্ধারের পদক্ষেপ নিচ্ছে। কাজেই আতঙ্কিত না হতে এলাকা-বাসীর প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, দুই ভাইকে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া জেলায় কোনো অপহরণের অভিযোগ পাওয়া গেলে পুলিশ দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করছে।
গাজীপুর সদর হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত চার মাসে সেখানে প্রায় ১৫০ অজ্ঞাত লাশের ময়নাতদন্ত করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ তাঁদের পরিচয় উদ্ধার করতে পারেনি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে এসপি বলেন, ‘হঠাৎ করে কেউ লাশ ফেলে পালিয়ে গেলে পুলিশের কিছু করার থাকে না।’