আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের যমুনা নদীর টুটুলের মোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের ৫০ মিটার এলাকা ভেঙে গেছে। পানির ঘূর্ণাবর্ত ও চাপে গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মূল বাঁধ ভেঙে যাওয়ায় আসন্ন বন্যা মৌসুমে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আর তিন ফুট পানি বাড়লে তাতে হাজার হাজার হেক্টর সদ্য পাকা ও আধা পাকা বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভেঙে যাওয়া স্থান নিয়ন্ত্রণে বালুর বস্তা নিক্ষেপ শুরু করেছে। এ ছাড়া গ্রামবাসী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে।
সিরাজগঞ্জ পাউবো ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এক সপ্তাহ ধরে যমুনা নদীতে প্রতিদিন দেড় ফুট করে পানি বাড়ছে। যে কারণে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচ থেকে মাটি সরে যায়। এরপর থেকে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাঁধের ৫০ মিটার দীর্ঘ ও ভেতরে প্রায় ২০ মিটার এলাকা নদীগর্ভে চলে যায়। সেই সঙ্গে ১০টি বাড়িঘরও নদীগর্ভে বিলীন হয়। বাঁধ ভেঙে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বাঁধের আশপাশের লোকজন তাঁদের ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করে। বিকেল পর্যন্ত শতাধিক বাড়িঘর সরিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে সিরাজগঞ্জ পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বালুর বস্তা নিক্ষেপ শুরু করেন।
বাহুকা এলাকার ইয়াকুব আলী বলেন, যমুনা নদীতে পানি কম থাকায় বাঁধের অভ্যন্তরে পানি প্রবেশ করেনি। প্রতিদিন এক ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে কয়েক দিনের মধ্যে পানি ভেতরে প্রবেশ করবে। এখন পর্যন্ত এই এলাকার এক বিঘা জমির ধানও কাটা হয়নি। বেশির ভাগ ধান আধা পাকা অবস্থায় আছে। পানি প্রবেশ করলে ভয়াবহ ক্ষতি হবে। এক মাস ধরে এই এলাকায় ভাঙন শুরু হলেও বিষয়টি জানার পর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভেঙে যাওয়া স্থানে বালুর বস্তা নিক্ষেপের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের বসতিদের বাড়িঘর সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ‘বালুর বস্তা নিক্ষেপের পাশাপাশি রিং বাঁধ নির্মাণ করে বন্যার পানি ঠেকানোর পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত এই বাঁধের কাজ শুরু করা হবে। তবে উজানে বর্তমানে বৃষ্টি কম হওয়ায় পানি বৃদ্ধির পরিমাণ কমে আসবে। আশা করি কয়েক দিনের মধ্যে নদীতে পানি কমে যাবে। বাহুকা থেকে শুরু করে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধসহ সংস্কারকাজে “খুদবান্দি শুভগাছা সিংড়াবাড়ি প্রকল্প” নামে ৪৭৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন পেলে স্থায়ীভাবে কাজ শুরু হবে।’