আতঙ্কে আ.লীগের নেতা-কর্মীরা
লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদীসহ দলের একাংশের নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন। হামলার ভয়ে অনেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায়ও অংশ নিচ্ছেন না।
আওয়ামী লীগের সূত্র জানায়, ১৮ দলের ডাকা হরতাল চলাকালে গত ২৭ অক্টোবর সদর থানার ২০০-৩০০ গজ দূরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাফেজ উদ্দিন দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিবকে। এ মামলায় আসাদুল হাবিবসহ ৩৩ জনের বিরুদ্ধে পুলিশ ১৩ নভেম্বর অভিযোগপত্র দেয়। ওই দিনই মামলার ৩ নম্বর সাক্ষী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াকে সদর হাসপাতাল রোডে সন্ত্রাসীরা কোপায়। এতে বাদী ও বাকি সাক্ষীরা আতঙ্কে আছেন। বাদী হাফেজ উদ্দিন বলেন, ‘আমার বাসায় গিয়ে আমার স্ত্রী মাহফুজা খাতুনকে হুমকি দিয়ে অবিলম্বে মামলা তুলে নিতে বলা হয়েছে। মামলা তুলে না নিলে আমার হাত-পা কেটে দেওয়া হবে।’