আতঙ্কে কল্যাণপুর পোড়া বস্তিবাসী
রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বস্তিতে বহিরাগত দুর্বৃত্তদের হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। গত শুক্রবার বস্তির একাংশে আগুন লাগে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বস্তিতে আগুন লাগানো হয়েছিল বলে বস্তিবাসীর দাবি।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জায়গায় গড়ে ওঠা এই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বস্তিবাসীর কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করে ফিরে যান ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা ও পুলিশ।
তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত স্থগিতাদেশ দিলেও বিকেল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ চলে। বস্তির একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, সুকৌশলে আদালতের নির্দেশ অমান্য করে উচ্ছেদ চালানো হয়েছে। তাই বস্তির বাসিন্দাদের পক্ষ থেকে আজ রোববার আদালত অবমাননা ও ক্ষতিপূরণ মামলা করা হতে পারে।
আদালতের নিষেধাজ্ঞায় গত বৃহস্পতিবার উচ্ছেদ কার্যক্রম বন্ধ হওয়ার পরদিন গত শুক্রবার সকালে বস্তির একটি অংশে আগুনে বেশ কিছু ঘর ও দোকান পুড়ে যায়। আগুন নেভাতে যাওয়ার সময় বাধা দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।
গতকাল দেখা যায়, কনকনে শীতের মধ্যে উচ্ছেদ ও আগুনে ঘর হারানো বস্তিবাসী পলিথিন টানিয়ে কোনোরকমে রাত পার করছেন। কেউ কেউ বস্তির পাশে অবস্থিত বেলতলী মাঠে ঘরের ভেতরের জিনিসপত্র স্তূপ করে রেখেছেন।
বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার বস্তি উচ্ছেদের সময় হাউস বিল্ডিং কর্তৃপক্ষ এবং পুলিশের পাশাপাশি বহিরাগত লোকজন অংশ নিয়েছিল। শুক্রবার আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের বস্তিতে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে। তাই আবার বহিরাগতরা বস্তিতে হামলা চালাতে পারে বলে বস্তির বাসিন্দারা আশঙ্কা করছেন। সে জন্য নিজেরা সতর্ক থাকছেন এবং পাহারা দিচ্ছেন।
বস্তির বাসিন্দা মো. ইউসুফ বলেন, ‘দুই দিন আমাদের ওপর হামলা করেছে। আবার হামলা হলে যাতে ঠেকাতে পারি, সে জন্য আমরা প্রস্তুত আছি। এবার যেভাবে পারি, হামলা করতে আসলে ঠেকাব।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, বস্তির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে। বস্তিবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সেখানে আছে।
এদিকে বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ অভিযোগ করেন, বস্তির কিছুসংখ্যক নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মিডিয়ায় এত কথা বলিস’ বলে শাসানো হয়। বস্তির কয়েকজন নেতাকে ‘ঠান্ডা করে দেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে।