আতঙ্কে গ্রামছাড়া মানুষ, মামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা মামলার আসামি জামায়াতে ইসলামীর নেতাদের ধরতে গিয়ে খুলনার কয়রা উপজেলার গোলখালী গ্রামে গুলিতে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার পর গ্রেপ্তার আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন সেখানকার অধিকাংশ নারী-পুরুষ। ওই ঘটনায় পুলিশের মামলার পর গতকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, শনিবার রাতে গোলখালী গ্রামে গুলিতে পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম নিহতের ঘটনায় রোববার মামলা করেছে পুলিশ। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে গতকাল সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন—আবদুল মজিদ গাজী (৫২), হাকিম গাজী (৪৬), হাকিম মোড়ল (৪৭) ও মহিউদ্দিন মোড়ল (২২)।আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই রাতে পুরুষদের সঙ্গে কয়েক শ নারীও অংশ নেন। ঘটনার পর থেকে এলাকার অধিকাংশ বয়স্ক নারী-পুরুষ গা-ঢাকা দিয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামায়াতের ডাকা ৫ মার্চের হরতালের সময় হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়রা থানায় তিনটি মামলা হয়। শনিবার রাতে গোলখালী গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁদের কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওই দুই নেতাকে ছিনিয়ে নেন। এ সময় গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম।স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম এ মান্নান জানান, ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বেশির ভাগ পুরুষ পার্শ্ববর্তী সুন্দরবন বা আশপাশের এলাকায় আত্মগোপন করেছেন।লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, গুলিতে নিহত কনস্টেবল মফিজুল ইসলামের জানাজা গত রোববার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিক মাঠে অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মফিজুল ইসলাম কুমড়ি গ্রামের ছালাম শেখের ছেলে। মফিজুলের দুই ছেলে। বড় ছেলে পারভেজ শেখ (২০) লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোট ছেলে সাগর শেখ (১৮) কুমড়ি আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী।