আতঙ্কে ছিল রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের গণমিছিল ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে গতকাল সোমবার দিনভর আতঙ্কে ছিলেন রাজধানাবাসী। এই কর্মসূচি কেন্দ্র করে তৎপর ছিল ১২ হাজার র‌্যাব-পুলিশ। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই দুই দলের কর্মসূচি শেষ হয়েছে। দুই দলের কর্মসূচি সফল করতে গতকাল দুপুর থেকেই কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল বের করতে শুরু করেন। একদল যায় পল্টনের দিকে, আরেক দল যায় বঙ্গবন্ধু এভিনিউর দিকে। এমনিতেই গতকাল সকাল থেকে রাস্তায় গাড়ি ছিল কম। আর মিছিল শুরুর পর আরও ফাঁকা হতে শুরু করে রাজধানী। নগরের কোনো কোনো রাস্তার অবস্থা ছিল হরতালের দিনের মতো। অনেক স্থানে দোকানপাটও ছিল বন্ধ। রাজধানীর বেশির ভাগ স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল খুবই কম। রাস্তায় যানবাহন ছিল না বললেই চলে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উপস্থিতির হারও কম ছিল। বিশেষ করে যাঁরা ঢাকার বাইরে থেকে রাজধানীতে অফিস করতে আসেন, তাঁরা ছিলেন ছুটির আমেজে। দুপুরের পর বাংলামোটর ও শাহবাগ এলাকায় শত শত মানুষকে যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নগরের অন্যান্য স্থানেও পরিস্থিতি ছিল একই রকম। মানুষের তুলনায় যানবাহন ছিল কম। চোখে পড়ার মতো ট্যাক্সি ও সিএনজিচালিত তিন চাকার যানও ছিল না। শাহবাগ এলাকায় গাড়ির জন্য অপেক্ষারত বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী রেজাউল করিম বলেন, ‘অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে নিয়ে এসেছিলাম। এখন উত্তরা যাব। গাড়ি পাচ্ছি না।’ তাঁর প্রশ্ন, রাজনৈতিক কর্মসূচির কারণে জনগণকে কেন দুর্ভোগ পোহাতে হবে?শাহবাগে গাড়ি না থাকলেও অনেক স্থানে এর ভিন্নচিত্র দেখা গেছে। সারি সারি বাস থাকলেও ছিল না যাত্রী। তবে গতকাল ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুরগামী সবকটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। সড়কে যানবাহন না পাওয়ায় মানুষের ভরসা ছিল ট্রেনের ওপরই। কর্মসূচিকে সামনে রেখে সকাল ছয়টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে মোতায়েন করা হয়। এ সময় পুলিশ ও র‌্যাবের ১২ হাজার সদস্য দায়িত্ব পালন করেন। এর বাইরে নাশকতা সৃষ্টি ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছিল স্ট্রাইকিং ফোর্স। কোনোভাবে রাস্তায় যাতে পিকেটিং না হয়, সেদিকে পুলিশের ছিল কঠোর নজরদারি। দুপুরের পর নগরের অনেক স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে এ সময় তল্লাশি করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে সকাল থেকে রাজধানীতে দুই হাজার পোশাকধারীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দারাও ছিল তৎপর।