সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির সময় আতঙ্কে নিরাপদ স্থানে ছোটাছুটি করতে গিয়ে রাস্তায় পড়ে অন্তত ১০ জন স্কুলছাত্রী আহত হয়েছে। তারা সবাই উপজেলা সদরের হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী।আহত ছাত্রীদের মধ্যে রয়েছে রনি রানী নাথ, ফাতেহা বেগম, সারজানা বেগম ও মাহবুবা বেগম। এ ছাড়া ছাত্রদলের একজন নেতাও আহত হয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল সকালে ছাত্রদল একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও আমির আলীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় ছুটি হয়। স্কুল গেটের সামনে ছাত্রদলের নেতাদের মধ্যে এ হাতাহাতি দেখে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে নিরাপদ স্থানে ছুটতে শুরু করে। এ সময় রাস্তায় পড়ে বেশ কয়েকজন ছাত্রী আহত হয়। সভার প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিনের হস্তক্ষেপে ছাত্রদলের নেতারা শান্ত হন। হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুননেছা জানান, ছাত্রদলের নেতাদের মধ্যে হাতাহাতির সময়ে ছাত্রীরা নিরাপত্তার অভাববোধ করে দিগ্বিদিক ছোটাছুটি করে। এতে অন্তত ১০ জন ছাত্রী আহত হয়। এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান বলেন, ‘আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু যাওয়ার পর সেখানে কাউকে পাইনি।’আহত ছাত্রনেতা আমিনুল ইসলাম বলেন, ‘মিছিল ও সভায় প্রটোকল না মানায় তার (আমির আলী) সঙ্গে আমার কথাকাটি হয়। একপর্যায়ে সে আমার ওপর হামলা চালায়।’ আমির আলী বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঘটনা ঘটেনি।’